ফরিদপুরের ভাঙ্গায় বৃষ্টি উপেক্ষা করে দুই পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা গ্রামে চেয়ারম্যান রফিকুল আলম সোহাগ ও শাহাবুদ্দিন মোল্লার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহার দুদিন আগে ভিজিএফের চাল কম দেয়ার অভিযোগ তুলে ফেসবুকে লাইভ করেন টিকটকার আকরাম। কয়েকদিন ধরে এ নিয়ে চাপাক্ষোভ চলছিল সোহাগের সমর্থকদের মধ্যে।
শুক্রবার বিকেলে চেয়ারম্যানের সমর্থকদের সঙ্গে রাস্তায় দেখা হয় আকরামের। ফেসবুক লাইভ নিয়ে তাদের ধস্তাধস্তি হয়। আকরামের উপর হামলা হয়েছে এ খবর ছড়িয়ে পড়লে আকরামের পক্ষের শাহাবুদ্দিন মোল্লার সমর্থকরা বৃষ্টি উপক্ষো করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চেয়ারম্যান রফিকুল আলম সোহাগ বলেন, টিকটকার আকরাম নিক্সন চৌধুরীর আস্থাভাজন। কদিন আগে নিজেকে বিএনপি নেতা দাবি করে সে আমার টাকা চেয়ে না পাওয়ার পর বেশ চটেছিলেন। এ কারণে ভিজিএফ চালের বিতরণে অনিয়মের অভিযোগ এনে সে ফেসবুকে লাইভ করে। শুক্রবার আমার লোকজন তার কাছে লাইভের কারণ জানতে চায়। তখন সে তাদেরকে সাংবাদিক পরিচয় দিয়ে হুমকিধামকি দেয়। এরপর সে তার লোকজন নিয়ে আমার লোকজনের উপর হামলা করে।
টিকটকার আকরাম বলেন, ফেসবুক লাইভে সঠিক তথ্য তিনি তুলে ধরেছেন। চেয়ারম্যানের লোকজন তার উপরে আজকে প্রথমে হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেন।
ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
জেডএম