মাদারীপুরের শিবচরে গরু চুরির অভিযোগে শাহিন সরকার (৫৫) নামে একজনকে হাতেনাতে ধরে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। বর্তমানে শাহিন শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার মাদবরের চর ইউনিয়নের সিংহকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
আটক শাহিন সরকার উপজেলার চরজানাজাত ইউনিয়নের কনাই সরকারের কান্দি গ্রামের সেলিম সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে শাহিনসহ কয়েকজন একটি নৌকায় করে ওই এলাকার বজলু মাদবরের বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে আসে। তারা ঘরের দরজা বাইরে থেকে আটকে দিয়ে গোয়ালঘরে ঢুকে। এসময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের মানুষ জড়ো হন। একপর্যায়ে চোরেরা পালানোর চেষ্টা করে। এসময় শাহিন সরকারকে ধরে ফেলেন গ্রামবাসী। এরপর উত্তেজিত জনতা তাকে মারধর করে। খবর পেয়ে পুলিশ এসে শাহিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এলাকাবাসীর জানান, শাহিন সরকার দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব দেখিয়ে এলাকায় দাপট দেখাচ্ছিল। গ্রামে বারবার গরু চুরি হচ্ছিল। আমরা আগে থেকেই তাকে সন্দেহ করছিলাম। আজ হাতেনাতে ধরা পড়েছে।
শিবচর থানার ওসি মো. রতন শেখ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
এফ