গাজীপুরের কাপাসিয়া উপজেলা থেকে আওয়ামী লীগের ৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত বুধবার বিকেলে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতাদের বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ‘ডেভিল’ হিসেবে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
গত তিনদিনে কাপাসিয়ার বিভিন্ন এলাকা থেকে মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের দাবি, কাপাসিয়ার আইনশৃঙ্খলা অন্যান্য সময়ের চেয়ে অনেক ভালো আছে। এই ভালো পরিস্থিতি বজায় রাখতেই রুটিন মাফিক উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, কাপাসিয়া সদর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, সে কাপাসিয়ার দস্যুনারায়নপুর গ্রামের ছফুর উদ্দিনের ছেলে। এছাড়া দুর্গাপুর ইউনিয়নের চাপাত গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শামীম বেপারী, কাপাসিয়া সদর ইউনিয়নের কাপাসিয়া গ্রামের কামলেক মিয়ার ছেলে ২ নম্বর ওয়ার্ড কৃষকলীগের সাবেক সভাপতি বাচ্চু মিয়া, উপজেলার তরগাঁও ইউনিয়নের তরগাঁও গ্রামের আমির উদ্দিন শেখের ছেলে ৭ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি জামাল উদ্দিন শেখ, টোক ইউনিয়নের আড়ালিয়া গ্রামের আব্দুল হেকিমের ছেলে ৮ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন, কাপাসিয়া ইউনিয়ন শ্রমিকলীগের সহ ক্রীড়া সম্পাদক মজনু মিয়া ওরফে পিচ্চি মজনু, তিনি খোদাদিয়া এলাকার আব্দুল বাতেনের ছেলে।
এ বিষয়ে কাপাসিয়া থানার অফিসার-ইন-চার্জ (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, “গত ২৪ ঘণ্টায় কাপাসিয়া থানা এলাকা থেকে ‘ডেভিল’ হিসেবে ৬ জনকে গ্রেপ্তার করে গাজীপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া আরও একজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। কাপাসিয়াকে অপরাধমুক্ত করতে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”