সাভারে শীর্ষ সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভুয়া পুলিশ কর্মকর্তা শামিম হোসেনের আস্তানায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ২১ রাউন্ড গুলিসহ তিন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। আটক সন্ত্রাসীরা হলো সুমন, জাহিদ ও সবুজ।
অভিযানের নেতৃত্ব দেন র্যাব-৪ সাভার নবীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার শাহীনুর কবির। রোববার সন্ধ্যায় পৌর এলাকার রাজাশন পালোয়ানপাড়া মহল্লায় শামীমের গ্যারেজে অভিযান চালায় র্যাব।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিতিত্বে শামীমের আস্তানায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় শামীমকে না পেলেও তার তিন সহযোগীকে অস্ত্র গুলিসহ আটক করা হয়।
সাভারের সবচেয়ে বড় মাদকসম্রাট ও অস্ত্রধারী সন্ত্রাসী শামীম ইতিপূর্বে পুলিশের পোশাক পরে ডাকাতির প্রস্তুতিকালে আটক হয়। সাভার মডেল থানার ওসি আরমান আলী জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এলাকার একাধিক বাসিন্দা অভিযোগ করে জানান, শামীমের মাদক আস্তানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত যাতায়াত রয়েছে। নির্বিঘ্নে ব্যবসা পরিচালনার জন্য শামীম হোসেনের বিরুদ্ধে স্থানীয় একাধিক মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রয়েছে।