গোপালগঞ্জে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটে। এতে ককটেলের স্প্লিন্টারে আহত চারজনসহ অন্তত ২৪ জন আহত হয়েছে বলে জানা গেছে।
সোমবার সন্ধ্যায় জেলা শহরের পুরাতন লঞ্চঘাটের বটতলা গোলচত্বর এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে তা গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন সড়কসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে আওয়ামী লীগের ঘোষিত বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সদর উপজেলার চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের লোকজন শহরের লঞ্চঘাট এলাকায় জড়ো হন। মিছিল চলাকালে দুই গ্রামের দুই যুবকের মধ্যে কথা-কাটাকাটি ও মারধরের ঘটনা ঘটে। এর জের ধরে সন্ধ্যায় দুই গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষের সময় উভয় পক্ষের লোকজন ঢাল, সড়কি, টেঁটা ও রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালান। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। একপর্যায়ে সংঘর্ষ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান। এতে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষে অন্তত ২৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ককটেলের স্প্লিন্টারে আহত চারজন হলেন—চরমানিকদাহ গ্রামের হাফিজ মোল্লার ছেলে জাহিদুর রহমান প্রান্ত, চান মিয়া মোল্লার ছেলে রাকিবুল মোল্লা, সাফায়েত মোল্লার ছেলে সাহাবুল মোল্লা এবং কোভিদ মোল্লার ছেলে জাহিদ মোল্লা। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে সংঘর্ষে জড়িত ব্যক্তিরা সরে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, সংঘর্ষের বিষয়টি তিনি জেনেছেন। বিস্তারিত তথ্য সংগ্রহ করে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।