নড়াইলে চলতি মৌসুমে রোপা আমন ধানের বাম্পার ফলন হলেও নতুন ধান বাজারে উঠতে না উঠতেই দাম কমতে শুরু করেছে। এতে বড় ধরনের লোকসানের আশঙ্কায় জেলার চাষিদের মাঝে চরম হতাশা ও উদ্বেগ ভর করেছে। গত সোমবার জেলার সবচেয়ে বড় পাইকারি ধানের হাট তুলারামপুরে গত বছরের তুলনায় মণপ্রতি অন্তত ২০০ থেকে ২৫০ টাকা কম দরে ধান বিক্রি হতে দেখা গেছে। পুরোদমে ধান কাটা শুরু হলে বাজারে সরবরাহ বৃদ্ধির সঙ্গে সঙ্গে দাম আরো কমার আশঙ্কায় চাষিরা চরম দুশ্চিন্তায় পড়েছেন।
কৃষি বিভাগের তথ্যমতে, এ বছর জেলায় ৪৩ হাজার ৬৭৫ হেক্টর জমি থেকে ২ লাখ ৬ হাজার ৬৮৭ টন আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে জেলার প্রায় ২০ শতাংশ জমির ধান কর্তন সম্পন্ন হয়েছে। মাঠজুড়ে পাকা ধানের সোনালি হাতছানি এবং আগাম জাতের চিকন ধান কাটা শুরু হলেও বাজারে ধানের দাম কমে যাওয়ায়, কৃষকদের মুখে হাসি নেই।
ধানের বাম্পাসরেজমিনে তুলারামপুর হাটে গিয়ে দেখা যায়, হাটে নতুন ব্রি-ধান ৭৫, ব্রি-ধান ৭১, ধানীগোল্ড এবং বিগত বোরো মৌসুমে উৎপাদিত চিকন রড মিনিকেট ধানের প্রচুর সরবরাহ রয়েছে। ধারদেনা ও শ্রমের মজুরির টাকা পরিশোধসহ জরুরি প্রয়োজন মেটাতে চাষিরা নতুন ধান হাটে নিয়ে আসছেন। নতুন ধানের প্রভাবে বাজার আরো পড়ে যাওয়ার শঙ্কায় চাষিরা ঘরে মজুত রাখা পুরোনো বোরো ধানও বাজারে ছাড়ছেন। হাটে নতুন ১৬, ১৯ ও ধানীগোল্ড ধান ১,১৫০ থেকে ১,১৮০ টাকা এবং পুরোনো রড মিনিকেট ১,২৮০ টাকা মণে বিক্রি হচ্ছে, যা গত বছরের চেয়ে অনেক কম। কৃষকদের অভিযোগ, কৃষি উপকরণের উচ্চমূল্যের দামে উৎপাদন খরচই উঠছে না। নড়াইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, ‘মৌসুমজুড়ে পর্যাপ্ত বৃষ্টিপাত ও পোকামাকড়ের উপদ্রব কম থাকায় এবার হাইব্রিড ও স্থানীয় জাতের ধানের বাম্পার ফলন হয়েছে। উৎপাদন খরচ কমাতে কৃষি বিভাগ জৈব বালাই ব্যবস্থাপনা ও সৌরচালিত সেচ ব্যবস্থা ব্যবহারে চাষিদের উদ্বুদ্ধ করছে।