কুষ্টিয়ায় জেলা ও দায়রা জজের সরকারি বাসভবন এবং মিরপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। তবে উভয় ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকায় পুলিশ সুপারের কার্যালয়ের পাশে অবস্থিত জেলা ও দায়রা জজ মো. এনায়েত কবীর সরকারের সরকারি বাসভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
জেলা জজের নাজির মিজানুর রহমান জানান, মোটরসাইকেলযোগে আসা কয়েকজন দুর্বৃত্ত প্রধান সড়ক থেকে বাসভবন লক্ষ্য করে একটি ককটেল ছুড়ে মারে। ককটেলটি জেলা জজের নিজ কক্ষের সামনে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় বাসভবন প্রহরার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্য বাইরে বেরিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। আকস্মিক বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন জানান, জেলা জজের বাসভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দুষ্কৃতকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
অপরদিকে একই রাতে আনুমানিক ২টা ২৫ মিনিটের দিকে জেলার মিরপুর উপজেলার টিঅ্যান্ডটি রোডে অবস্থিত গ্রামীণ ব্যাংকের ফুলবাড়িয়া শাখায় পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ব্যাংক ভবন লক্ষ্য করে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করে। এর মধ্যে দুটি বোমা ভবনের দেয়ালে আঘাত করে নিচে পড়ে যায়। অপর একটি বোমা ভবনের দোতলায় অবস্থিত ব্যাংক কর্মকর্তাদের আবাসিক কক্ষের জানালার কাচ ভেঙে ভেতরে পড়ে এবং আগুন ধরে যায়। ঘটনার পরপরই ব্যাংক কর্মকর্তারা ভবনের নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থার (ফায়ার বুস্টার) সাহায্যে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কক্ষের একটি লেপ ও তোষক পুড়ে গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
মিরপুর উপজেলার টিঅ্যান্ডটি রোডে গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক রোকনুজ্জামান জানান, এতে একটি কক্ষে আগুন ধরে যায়। পরে ব্যাংক কর্মকর্তারা নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছিল দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।