নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফির গ্রামের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের জয়পুর গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় বাড়িতে ঘুমিয়ে ছিলেন রাফির বাবা-মা। প্রতিবেশীদের তাৎক্ষণিক তৎপরতায় আগুন দ্রুত নেভানো হয়। ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে খান তালাত মাহমুদ রাফি বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমার গ্রামের বাড়িতে এই আগুন দিয়েছে। তারা বাড়ির বিদ্যুতের মিটারের ঠিক নিচে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ঘটনার সময় আমার বাবা-মা বাড়িতে ঘুমিয়ে ছিলেন। পাশের বাড়ির এক নারী বিষয়টি টের পেয়ে চিৎকার করলে পরিবারের সদস্যরা জেগে ওঠেন। পরে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন আমার ঘুমন্ত বাবা-মা।
রাফির পিতা তরিকুল ইসলাম খান আমার দেশকে জানান, গত বুধবার রাতে কে বা কারা আমার শোয়ার ঘরের পাশে পেট্রল ও পুরাতন মবিল ঢেলে আগুন দেয়। তাৎক্ষণিক আমার চাচাতো ভাই চিৎকার দিলে আমরা সবাই মিলে আগুন নেভাতে সক্ষম হই। এতে আমার তেমন কিছু ক্ষতি হয়নি। তবে আমরা আতঙ্কে আছি।
এ ব্যাপারে জানতে চাইলে মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম বলেন, গতকাল রাত ৩টার দিকে সমন্বয়ক রাফির বাড়িতে কে বা কারা আগুন দেওয়ার চেষ্টা করেছে বলে আমরা জেনেছি। এ সময় পরিবারের লোকজন জেগে যাওয়ায় আর আগুন ছড়াতে পারেনি। চিৎকার শুনে আশপাশের লোকজনও এগিয়ে আসেন। রাফির বাড়ির বারান্দায় একটি গ্যালনে পুরাতন মবিল পাওয়া গেছে। তার বাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।