বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান মাহীসওয়ার ডিগ্রি কলেজের চলতি এইচএসসি পরীক্ষায় ফরম ফিলাপ বিড়ম্বনায় পড়ে পরীক্ষা দিতে না পারা সেই ৬ শিক্ষার্থী অবশেষে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।
গত ২ জুলাই ‘‘বগুড়ায় এইচএসসি পরীক্ষা দিতে পারেননি ১০ শিক্ষার্থী’’ শিরোনামে আমার দেশ অনলাইনে একটি সংবাদ প্রকাশ হয়। এরপরেই শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলনের বিশেষ হস্তক্ষেপে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে তারা চলমান এই পরীক্ষায় বসার অনুমতি পান। আজ শনিবার শিবগঞ্জ এমএইচ কলেজে তারা পরীক্ষায় অংশগ্রহণ করেন।
পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাওয়া শিক্ষার্থীরা হলেন- সম্রাট, হাসর, সাব্বির হোসেন, তৌহিদুর রহমান তামিম, মইনুর ইসলাম ও তমিদ হাসান।
শিক্ষার্থীরা জানান, ফরম পূরণের জন্য তারা কলেজ কর্তৃপক্ষের মূল ধারার বাইরে গিয়ে প্রতিষ্ঠানের কিছু কর্মচারীর সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছিলেন। কিন্তু কর্মচারীদের গাফিলতিতে নির্ধারিত সময়ের মধ্যে তাদের ফরম পূরণ সম্পন্ন হয়নি। ফলে পরীক্ষা শুরু হলেও তারা অংশ নিতে পারেননি এবং চরম অনিশ্চয়তার মধ্যে পড়েন।
এ খবরটি আমার দেশ অনলাইনে প্রকাশিত হলে তা দ্রুত নজরে আসে শিক্ষামন্ত্রীর। তিনি বিষয়টি আমলে নিয়ে তাৎক্ষণিকভাবে রাজশাহী শিক্ষা বোর্ডকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। বোর্ডের বিশেষ সিদ্ধান্তে আজ থেকে ওই ৬ শিক্ষার্থীর পরীক্ষায় বসার সব বাধা দূর হয়।
এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকেরা জানান, দীর্ঘ অনিশ্চয়তা ও মানসিক যন্ত্রণার পর পরীক্ষায় বসতে পেরে স্বস্তি প্রকাশ পেয়েছেন। তারা শিক্ষামন্ত্রী, রাজশাহী শিক্ষা বোর্ড ও সংবাদমাধ্যমের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন।
এএস