পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি কার্যালয় ও ইউনিয়ন বিএনপির আহবায়ক মোজাম্মেল হকের অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (১১ মে) দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটছে। পুলিশ বলছে, ঘটনাস্থল থেকে আরও দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, রোববার দিবাগত রাত দুইটার দিকে অষ্টমনিষা বাজারে অবস্থিত বিএনপির কার্যালয়ের সামনে ও ইউনিয়ন বিএনপির আহবায়ক মোজাম্মেল হকের অফিসের সামনে
দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যান। পুলিশ সেখান থেকে আরো দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।
এ ঘটনার প্রতিবাদে আজ সোমবার সকালে অষ্টমনিষা বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইউনিয়ন বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির আহবায়ক মোজাম্মেল হক মোজাম ও সদস্য সচিব ওয়াজ উদ্দিন। তারা এ ঘটনায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে দায়ী করে দ্রুত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আজিজ বলেন, ফ্যাসিবাদের দোসররা বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় অরাজকতা সৃষ্টি করতে চায়। এদেরকে কঠোরভাবে দমন করতে হবে। তিনি ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি করেন।
ওসি শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।