পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শেখ (২৪) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী-পাবনা মহাসড়কের শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তিনি নাটোর জেলার বরাইগ্রাম উপজেলার রাওতা গ্রামের স্বপন শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে দাশুড়িয়াগামী নিউ সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওভারটেক করার সময় একটি ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভ্যানচালক শাহীন শেখ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে যান বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
খবর পেয়ে পাকশী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়।
পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু খান বলেন, দুর্ঘটনায় জড়িত বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। তবে বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। নিহতের লাশ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
এমই