হোম > সারা দেশ > রাজশাহী

তিন ম্যাচে হ্যাটট্রিক করা আলেয়ার স্বপ্ন বিশ্বজয়ের

উপজেলা প্রতিনিধি, (লালপুর) নাটোর

নাটোরের লালপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম জোতদৈবকির এক সংগ্রামী কিশোরী এখন জেলার ক্রীড়াঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দু। দারিদ্র্য ও প্রতিকূলতাকে সঙ্গী করেই স্বপ্নের পথে দৃঢ় পায়ে এগিয়ে চলেছে উদীয়মান ফুটবল প্রতিভা আলেয়া খাতুন। জীর্ণ কুটির থেকে উঠে এসে ফুটবল মাঠকেই নিজের স্বপ্নের মঞ্চে পরিণত করেছে এই সম্ভাবনাময় খেলোয়াড়।

প্রতিভা অন্বেষণভিত্তিক টুর্নামেন্ট ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এ দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে লালপুর উপজেলাকে চ্যাম্পিয়ন করার নেপথ্য নায়ক হয়ে ওঠে আলেয়া। টানা তিন ম্যাচেই হ্যাটট্রিক করে বিরল কীর্তি গড়ে ক্রীড়া মহলে তাক লাগান তিনি।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে নাটোর পৌরসভার বিপক্ষে আলেয়ার হ্যাটট্রিকে লালপুর দল ৩–০ গোলের দাপুটে জয় পায়। দ্বিতীয় ম্যাচে সিংড়া উপজেলার বিপক্ষে আবারও তিন গোল করে দলকে ৬–০ ব্যবধানে বড় জয় এনে দেয়। ফাইনাল ম্যাচে গুরুদাসপুর উপজেলার বিপক্ষে আলেয়ার দুর্দান্ত পারফরম্যান্সে ৪–০ গোলের জয়ে শিরোপা নিশ্চিত করে লালপুর।

পুরো টুর্নামেন্টে অসাধারণ দক্ষতা, গতি ও গোল করার সক্ষমতার স্বীকৃতি হিসেবে আলেয়া নির্বাচিত হয়েছেন নাটোর জেলার নারী ফুটবলের সেরা খেলোয়াড়।

লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী আলেয়ার পরিবারে রয়েছে চার বোন ও এক ভাই। কৃষক বাবার সীমিত সামর্থ্যের মধ্যেও মেয়ের স্বপ্ন পূরণে তার অকুণ্ঠ সমর্থনই আলেয়ার সবচেয়ে বড় শক্তি। বাবার অনুপ্রেরণায় বর্তমানে সে নর্থ বেঙ্গল ফুটবল একাডেমিতে ভর্তি হয়ে কোচ জুয়েলের অধীনে নিয়মিত অনুশীলন করছে।

দারিদ্র্যের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করলেও আলেয়ার চোখে এখন একটাই স্বপ্ন—একদিন বাংলাদেশের লাল-সবুজ জার্সি গায়ে জড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করা এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা উড়ানো।

স্থানীয় ক্রীড়ানুরাগী ও এলাকাবাসীর বিশ্বাস, যথাযথ প্রশিক্ষণ, পৃষ্ঠপোষকতা ও সুযোগ পেলে গ্রামের এই প্রতিভাবান কিশোরী ভবিষ্যতে বাংলাদেশের নারী ফুটবলের গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠবে।

গ্রামের মাটিতে জন্ম নেওয়া আলেয়ার এই সাফল্যে গর্বিত এখন পুরো লালপুর ও নাটোরবাসী। তার চাওয়াও খুব সামান্য- শুধু একটু সুযোগ, একটু সহযোগিতা এবং দেশের হয়ে খেলতে পারার এক টুকরো স্বপ্ন।

এএস

বিএনপির এমপি সেলিম রেজার বেতনের টাকা মসজিদে দান

রাজশাহী সিল্কের হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে ব্র্যাকের অংশগ্রহণ চান ভূমিমন্ত্রী

নাসার বাংলাদেশি বিজ্ঞানী রেজাউল হক মারা গেছেন

দেশের যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

রায়গঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে জনবল সংকট, সেবা কার্যক্রম ব্যাহত

ঈশ্বরদীতে অটোরিকশা ও মোবাইল ছিনতাই

মাদক কারবারে জড়িত থাকায় যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার

শহীদ জিয়া মেডিকেলে চিকিৎসকদের কর্মবিরতি, জরুরি সেবা ব্যাহত

প্রকল্প বাস্তবায়নে কাজ করতে হবে: নাটোরের ডিসি

রাজশাহীতে ১১ দলীয় সমাবেশ ঘিরে জামায়াতের ব্যাপক প্রস্তুতি