হোম > সারা দেশ > রাজশাহী

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের সপ্তম চালান সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তাব্যবস্থায় পৌঁছেছে পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে। শুক্রবার সকাল ৬টা ২৪ মিনিটে তিনটি বিশেষায়িত লরিতে করে ইউরেনিয়াম প্রকল্প এলাকায় নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ পর্যন্ত প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত এক চালান এবং দ্বিতীয় ইউনিটের জন্য ছয় চালানসহ মোট সাত চালান পারমাণবিক জ্বালানি কেন্দ্রে পৌঁছেছে।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গোতে ৪৮টি অ্যাসেম্বলি আনার কথা রয়েছে। সব মিলিয়ে নয়টি চালানে এসব জ্বালানি দেশে আসার পরিকল্পনা রয়েছে।

রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রয়েছে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট। প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। এরই মধ্যে গত ১৭ নভেম্বর প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। ওই দিন বিকেল ৩টা ১৬ মিনিটে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে গ্রিডের সঙ্গে কেন্দ্রটির সফল সিনক্রোনাইজেশন সম্পন্ন হয়। এ সময় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়।

এ ঘটনাকে দেশের জ্বালানি খাতের ঐতিহাসিক অর্জন হিসেবে উল্লেখ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি জানান, এর মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশের তালিকায় স্থান করে নিয়েছে। দীর্ঘদিনের অপেক্ষা এবং ধারাবাহিক কারিগরি পরীক্ষা-নিরীক্ষা শেষে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়া একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

মন্ত্রী আরও জানান, পরবর্তী কারিগরি পরীক্ষার প্রয়োজনে কেন্দ্রটিকে সাময়িকভাবে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর পুনরায় চার থেকে ছয় ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে প্রয়োজনীয় পরীক্ষা চালানো হবে।

চুক্তি অনুযায়ী, ১০ মাসের ট্রায়াল অপারেশন শেষে প্রথম ইউনিট থেকে পর্যায়ক্রমে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহের কথা রয়েছে। এ সময় রাশিয়ান ঠিকাদারের কাছ থেকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রভিশনাল টেকওভারের মাধ্যমে প্রথম ইউনিটের দায়িত্ব গ্রহণ করবে। পরবর্তী সময়ে সরকারি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে অপারেটিং অর্গানাইজেশন হিসেবে কার্যক্রম শুরু করবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)।

প্রকল্পটির দুটি ইউনিট পূর্ণাঙ্গভাবে চালু হলে জাতীয় গ্রিডে যুক্ত হবে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ। সংশ্লিষ্ট ব্যক্তিদের আশা, দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ, আমদানিনির্ভর জ্বালানির ওপর চাপ কমানো এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন

রাজশাহীতে মধ্যরাতে বাসে পেট্রোল বোমা হামলা

আক্কেলপুর থেকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

কালিয়ায় বিএনপির দুই নেতাকে নৃশংসভাবে হত্যা

সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন

সাড়ে আট ঘণ্টা জাতীয় গ্রিডে থেকে বিচ্ছিন্ন রূপপুর

সিরাজগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামীর যাবজ্জীবন

রাকসু নির্বাচনের দাবিতে প্রশাসন ভবনের সামনে ৩০ ঘণ্টা অবস্থান

স্বর্ণালংকারের লোভে মাকে খুন, ছেলেসহ গ্রেপ্তার তিন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ