হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় ভুল চিকিৎসায় তিন রোগীর মৃত্যু, চিকিৎসাসেবায় নজরদারি নেই

সবুর শাহ্ লোটাস, বগুড়া

বগুড়ায় বেসরকারি স্বাস্থ্যসেবা অঙ্গনে মানহীন ও অনুমোদনহীন প্রতিষ্ঠান থাকায় সঠিক সেবা পাচ্ছে না রোগীরা। জেলা সিভিল সার্জন কার্যালয়ের হিসাবে অনুমোদিত বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যার চেয়ে প্রতিষ্ঠান রয়েছে দ্বিগুণ। যত্রতত্র মানহীন চিকিৎসাকেন্দ্র গড়ে উঠেছে। ঈদের ছুটিতে এ পর্যন্ত তিনজন রোগীর মৃত্যুর ঘটনায় বেরিয়ে এসেছে মানহীন ও ভুল চিকিৎসার বিষয়টি। সংশ্লিষ্ট প্রশাসন নির্বিকার—বলছেন ভুক্তভোগীর স্বজনেরা। এসব ঘটনায় বগুড়ার চিকিৎসাসেবার বেহাল দশা ফুটে উঠেছে। এ নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

বগুড়ায় চিকিৎসকদের অবহেলা ও ভুল চিকিৎসায় টনসিল অপারেশন করতে গিয়ে শাপলা বেগম (২৮) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। গত সোমবার রাতে শহরের বাদুড়তলা প্রেসপট্টি এলাকার সারা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। ঘটনার পর হাসপাতালের মূল ফটকে তালা ঝুলিয়ে চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে যান। শাপলা সোনাতলা উপজেলার বাইগুনী এলাকার রানু মিয়ার স্ত্রী।

পরিবারের অভিযোগ, রোগীকে অ্যানেস্থেশিয়া দেওয়ার পরপরই ওটির ভেতরে চিকিৎসকদের মধ্যে হুড়োহুড়ি ও ছোটাছুটি শুরু হয়। অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক রোগীকে জরুরি ভিত্তিতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে স্বজনেরা দেখতে পান রোগীর হৃৎস্পন্দন বন্ধ হয়ে গেছে এবং হাসপাতালেই তার মৃত্যু হয়েছে। এ নিয়ে স্বজনদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করে।

অপর ঘটনায় তড়িঘড়ি করে সিজারিয়ান অপারেশনের পর রোগীর শরীরে অন্য গ্রুপের রক্ত দেওয়ায় আফরিন জাহান অহনা নামের এক প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। নিহত অহনা বগুড়া সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের গাজীপালশা এলাকার আব্দুর রশিদের মেয়ে।

ওই প্রসূতির স্বজনেরা জানান, গত ২৭ মে অহনা নামের গর্ভবতী নারীকে সুস্বাস্থ্য ক্লিনিকে নেওয়া হলে সেখানকার চিকিৎসক ডা. আলিমুন রেজা জানান, এখনই সিজার না করলে বড় ধরনের ক্ষতি হবে। চিকিৎসকের কথায় নিরুপায় হয়ে সেখানেই তারা সিজারিয়ান অপারেশনে রাজি হয়ে যান।

বগুড়ার খান্দার এলাকায় সুস্বাস্থ্য ক্লিনিকে ডা. আলিমুন রেজা নামের একজন চিকিৎসকের ভুলে এই মর্মান্তিক মৃত্যু ঘটেছে। বিশেষ করে শরীরের রক্তের গ্রুপ ম্যাচিং না করে অন্য গ্রুপের রক্ত পুশ করায় তার মৃত্যু হয় বলে স্বজনদের অভিযোগ। এরপর ক্লিনিক বন্ধ করে সংশ্লিষ্ট চিকিৎসক উধাও হয়ে গেছেন বলে জানান তারা। চিকিৎসকের সঙ্গে অনেকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। এ ঘটনায় উপস্থিত লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ সেখানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহতের স্বামী মৃদুল ইসলাম বলেন, ‘আমরা সুস্থ মা ও সন্তানকে নিয়ে বাড়ি ফেরার স্বপ্ন দেখেছিলাম। কিন্তু চিকিৎসার নামে অবহেলায় আমার স্ত্রীকে হারাতে হয়েছে। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।’

বগুড়ার অপর একটি বেসরকারি হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আবদুল্লা আল আয়ান নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, সময়মতো চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ না দেওয়ার কারণেই প্রাণ হারিয়েছে শিশুটি। গত শনিবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের কানছগাড়ী এলাকায় অবস্থিত সৃষ্টি জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। আয়ান জেলার সোনাতলা উপজেলার পূর্ব ভেলুরপাড়া এলাকার সিঙ্গাপুর প্রবাসী আবদুল আহাদের ছেলে। পরিবারের সদস্যরা জানান, ঈদের পরদিন ডায়রিয়ায় আক্রান্ত হলে শিশুটিকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার মৃত্যু হয়। এ ঘটনায় স্বজনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

বগুড়া শহরে বেসরকারি ক্লিনিকে তিনটি মৃত্যুর ঘটনায় পুলিশকে খুব বেগ পেতে হয়েছে বলে জানান বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইব্রাহীম আলী। তবে গতকাল মঙ্গলবার পর্যন্ত এ নিয়ে কেউ অভিযোগ করেনি।

বগুড়া জেলার সিভিল সার্জন আমার দেশকে বলেন, বগুড়া জেলায় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক ২১৫টি, ডায়াগনস্টিক সেন্টার ২৭১টি, ব্লাড ব্যাংক রয়েছে ছয়টি। এর মধ্যে ৭৬টি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ আছে বলেও তিনি জানান। তিনি বলেন, শহরের তিনটি ক্লিনিকে তিনটি মৃত্যুর ঘটনা তিনি শুনেছেন তবে অভিযোগ পাননি। তিনি বলেন, অচিরেই এদের বিরুদ্ধে মাঠে নামা হবে।

এই ঘটনায় বগুড়া শহরে আনাচে-কানাচে গড়ে ওঠা ক্লিনিকগুলোয় খোঁজ নিয়ে জানা গেছে, নামমাত্র টেকনিশিয়ান দিয়ে প্রতিষ্ঠানগুলো চালানো হয়। এ কারণেই ঈদের ছুটির সময় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।

বগুড়া শহরের শেরপুর রোড, হাসপাতাল রোড, মেডিকেল কলেজ এলাকায়, শহর ও শহরতলিতে ৬-৭টি ক্লিনিক গড়ে উঠেছে। যাদের একটির অনুমোদন থাকলেও একই নামে আরো শাখা খোলা হয়েছে। মেডিকেল কলেজের একজন চিকিৎসকের নামে একই রকম সাইনবোর্ড শহরের ১০টি ক্লিনিকে দেখা যায়।

সুশাসনের জন্য প্রশাসন (সুপ্র) সাধারণ সম্পাদক কেজিএম ফারুক বলেন, এ ব্যাপারে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।

পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বগুড়া-নাটোর মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জে বজ্রপাতে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যু

রায়গঞ্জের ফুলজোর নদীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

বিএনপি নেতাকে পিটুনি দিয়ে বেঁধে থানায় সোপর্দ

নওগাঁয় বিজিবির বাধায় পুশইন ব্যর্থ, ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

ধান মাড়াই মেশিনে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধ নিহত

যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ধুনটে অটোভ্যান উল্টে পুকুরের পানিতে পড়ে চালক নিহত

যুবদল নেতার ওপর ককটেল হামলার মামলা, শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

দুই দিন নো ম্যান্স ল্যান্ডে থাকা ২৮ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ