ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের নিয়ে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের নিয়ে ঈদ উদযাপন উপলক্ষ্যে 'বকরীদ-ই-রাকসু' শিরোনামে একটি বিশেষ আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু)।
শুক্রবার দুপুর ২টায় রাকসু ভবনের সামনে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে নানা কারণে যারা বাড়ি না গিয়ে ক্যাম্পাসে অবস্থান করছেন, তাদের ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে রাকসু নেতাদের কুশল বিনিময় ও বিশেষ খাবার বিতরণ করা হয়।
শিক্ষার্থীরাও এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন। তাদের মতে, এমন আয়োজন ক্যাম্পাস জীবনে নতুন মাত্রা যোগ করবে এবং দূরে থেকেও ঈদের আনন্দ অনুভব করা সহজ।
সার্বিক বিষয়ে রাকসুর সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম সায়েম বলেন, ‘পবিত্র ঈদুল আজহায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী ক্যাম্পাসে অবস্থান করছেন। পরিবার থেকে দূরে থাকা এসব শিক্ষার্থীর সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই রাকসুর এ আয়োজন। প্রায় সাড়ে তিনশত জনের জন্য আয়োজন করা হয় এবং তিনশত জন আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। রাকসুর পক্ষ থেকে দুটি খাসি জবাই করা হয় এবং সেই খাসির গোশত দিয়েই আজ আমরা শিক্ষার্থীদের জন্য খাসির তেহারি রান্না করি।’
জানতে চাইলে রাকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) এস এম সালমান সাব্বির বলেন, ‘রাকসুর পক্ষ থেকে ঈদুল আজহায় ক্যাম্পাসে অবস্থানরত প্রায় সাড়ে তিনশত জন শিক্ষার্থীর জন্য আজকের এ বিশেষ আয়োজন। এটির উদ্দেশ্য ছিল মূলত যেসব শিক্ষার্থী বাড়ি যেতে পারেননি, তারা যেন পরিবারের শূন্যতা অনুভব না করেন- তারই লক্ষ্যে আমাদের এ আয়োজন। গতকাল দুপুরে যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাতে ছাত্রশিবিরের আয়োজ ছিল, যার ফলে গতকালকে আমরা এ আয়োজন না করে আজকে এ আয়োজন করেছি। আলহামদুলিল্লাহ আজকের এই আয়োজন আমরা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি।’
এছাড়া এ আয়োজনে মুসলিম শিক্ষার্থীদের পাশাপাশি ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়। নারী শিক্ষার্থীদের জন্য হলে হলে খাবার পৌঁছে দেওয়া হয়।
এমএইচ