চাঁপাইনবাবগঞ্জে দরিদ্র জনগোষ্ঠীর কোটি টাকা প্রতারণার অভিযোগ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ১৪ নম্বর ধাইনগর ইউনিয়নসহ বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্তদের উদ্যোগে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে সরকারি কর্মসূচির আদলে কার্ডের মাধ্যমে চাল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণের নামে প্রতারণার অভিযোগে উঠে মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে।
মানববন্ধনে ভুক্তভোগীর মধ্যে বক্তব্য দেন, মো. ফারুক আলী, মো. সাইরুল ইসলাম, রানাউল ইসলাম, মো. শুকুরুদ্দীন ও মোসা. আফিয়া বেগম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সরকারি বিভিন্ন সহায়তা কর্মসূচির আদলে বিশেষ কার্ডের মাধ্যমে চাল ও অন্যান্য পণ্য সরবরাহের আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময় পার হলেও প্রতিশ্রুত সুবিধা না পাওয়ায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
ভুক্তভোগীরা জানান, প্রতিষ্ঠানের প্রধান জেসমিনের প্রতিনিধিরা বিভিন্ন ধরনের আশ্বাস দিলেও এখন পর্যন্ত তাদের টাকা ফেরত দেওয়া হয়নি। ফলে অনেক পরিবার আর্থিক সংকটে পড়েছে।
মানববন্ধন থেকে বক্তারা মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিন ও তার প্রতিষ্ঠানের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা তাদের আত্মসাৎকৃত অর্থ দ্রুত ফেরত না দেওয়া হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। মানববন্ধন শেষে জেসমিনের আত্মসাৎ করা টাকা ফেরত ও তার শাস্তির দাবিতে এলাকাবাসীর স্বাক্ষরিত আবেদন জমা দেন।
জেডএম