ঈশ্বরদীতে এক অটোচালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঈশ্বরদী থানাধীন জয়নগর শিমুলতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত অটোচালক মো. আকাশ (১৯) উপজেলার উত্তর বাঘইল এলাকার মো. সামসুলের ছেলে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবার জানায়, বিকেলে জয়নগর শিমুলতলা বাজারে অবস্থানকালে অজ্ঞাতনামা দুই-তিন ব্যক্তি লিচুর ঝুড়ি আনার কথা বলে আকাশের ব্যাটারিচালিত থ্রি-হুইলার ‘বোরাক’ অটোটি ভাড়া নেয়। পরে তারা জয়নগর শিমুলতলা বাজার থেকে পূর্ব দিকে প্রায় ৩০০ গজ দূরে পৌঁছালে জোরপূর্বক গাড়ি থামায়।
এ সময় দুর্বৃত্তরা কালো কাপড় দিয়ে আকাশের মুখ বেঁধে ফেলে এবং তাদের হাতে থাকা ধারালো অস্ত্র (খুর) দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। পরে তার প্যান্টের পকেটে থাকা টেকনো মডেলের একটি স্মার্টফোন ছিনিয়ে নেয়।
এরপর আহত আকাশকে অটো থেকে ফেলে দিয়ে তার ব্যবহৃত ব্যাটারিচালিত বোরাক অটোরিকশাটি ছিনতাই করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা।
পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান জানান, পুলিশ ঘটনা গুরুত্ব সহকারে তদন্ত করছে। অতি দ্রুতই আসামিদের আইনের আওতায় নিয়ে আসা যাবে।
এমএইচ