হোম > সারা দেশ > রংপুর

ফুলবাড়ীতে ১০ টাকায় ছাগলের চামড়া বিক্রি, হতাশ বিক্রেতারা

উপজেলা প্রতিনিধি, ফুলবাড়ী (দিনাজপুর)

কয়েক বছরের মতো এবারও চামড়ার বাজারে ধস নেমেছে। সরকার-নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না কোনো চামড়া। দিনাজপুরের ফুলবাড়ীতে কোরবানির পশুর চামড়া বিক্রি হচ্ছে নামমাত্র মূল্যে। এখানে গরুর চামড়া বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৭০০ টাকায়। ছাগলের চামড়া বিক্রি হচ্ছে এককাপ চায়ের দামে অর্থাৎ মাত্র ১০ টাকায়। অনেকে ছাগলের চামড়ার দাম না পেয়ে নদীতে ফেলে চলে যাচ্ছেন।

রোববার ফুলবাড়ী পৌর শহরের নিমতলা মোড়ে গিয়ে দেখা যায়, সড়কের পাশে চামড়া বেচাকেনা করতে ভিড় করছেন ব্যবসায়ী ও ক্রেতারা। বিভিন্ন এলাকা থেকে চামড়া বিক্রি করতে আসছেন লোকজন।

তবে কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ হয়ে পড়েছেন তারা। সরকারের নির্ধারিত দামে চামড়া বেচতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন অনেকে।

জানা গেছে, সরকারিভাবে ঢাকায় গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয় ৬০-৬৫ টাকা, যা গত বছর ছিল ৫৫-৬০ টাকা। ঢাকার বাইরের গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৫৫-৬০ টাকা, যা গত বছর ছিল ৫০-৫৫ টাকা।

এ ছাড়া ঢাকায় সর্বনিম্ন কাঁচা চামড়ার দাম ১ হাজার ৩৫০ টাকা নির্ধারণ করা হয়। আর ঢাকার বাইরে সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১৫০ টাকা। এ ছাড়া খাসির লবণযুক্ত চামড়া ২২ থেকে ২৭ টাকা ও বকরির চামড়া ২০-২২ টাকা নির্ধারণ করা হয়েছে। কিন্তু নির্ধারিত এই দাম পাচ্ছে না দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কোরবানিদাতারা। ফলে চামড়ার বাজার মুখ থুবড়ে পড়েছে।

চামড়া বিক্রি করতে আসা আহসান হাবিব বলেন, সরকার ঢাকঢোল পিটিয়ে দাম নির্ধারণ করে দিয়েছে। এতেই কি সরকারের দায় শেষ হয়ে গেছে? চামড়ার বাজার আগেও যা ছিল এবারও তাই আছে। একটি গরু আর একটি ছাগলের চামড়া এনেছিলাম। গরুর চামড়া কোনোক্রমে বিক্রি করেছি। ছাগলের চামড়ার দাম নাই বলে নদীতে ফেলে দিয়েছি।

আরেক বিক্রেতা মুজাহিদুল ইসলাম বলেন, চামড়ার দাম নেই। মাদ্রাসার হুজুরকে ফোন দিয়েছি, তিনি আসেননি। তাই চামড়ায় লবণ দিয়ে রেখেছি। ইউটিউব থেকে ধারণা নিয়ে চেষ্টা করবো নিজেই বাড়িতে কিছু বানাতে।

স্থানীয় চামড়া ব্যবসায়ী কোরবান আলী ট্যানারি মালিকদের দোষারোপ করে বলেন, তারা সরকারি দামে চামড়া না কেনায় আমরাও কিনতে পারছিনা। আমরা আকার ভেদে ৩০০ থেকে ৭০০ টাকায় গরুর চামড়া কিনছি। ছাগলের চামড়া নিচ্ছি ১০ টাকায়। ট্যানারি মালিকরা ছাগলের চামড়া নিতে চায় না। এ জন্য দাম নেই।

অন্যদিকে কোরবানি উপলক্ষে বেড়েছে লবণের দাম। আগে প্রতি মণ লবণ ৪৭০টাকা থাকলেও এখন কিনতে হচ্ছে ৬৫০ টাকায়।

তিনি আরও জানান, গত বছর সরকারি দামে চামড়া কিনে বিপাকে পড়েছিলেন। বাধ্য হয়ে চামড়া নদীতে ফেল দিতে হয়েছে। তাই এবার মাত্র দুইশত গরুর চামড়া কিনেছেন। দেশে যে পরিমাণ পশু কোরবানি হচ্ছে তা আমাদের দেশের ট্যানারিগুলোর ধারণ ক্ষমতার অনেক বেশি। তাই তারা ন্যায্য মূল্যে চামড়া কিনতে চায় না। সরকারের উচিত বিকল্প কোনো চিন্তা করা।

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন

রংপুরে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত