হোম > সারা দেশ > রংপুর

পীরগাছায় দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

উপজেলা প্রতিনিধি, পীরগাছা (রংপুর)

রংপুরের পীরগাছায় দাখিল পরীক্ষায় জালিয়াতি, ভুয়া পরীক্ষার্থী ও নকল বাণিজ্যের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আব্দুল কুদ্দুছ সরকারের ওপর বর্বরোচিত ও সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। বুধবার (২০ মে) রাত পৌনে ৮টার দিকে উপজেলার সোনালী ব্যাংক সংলগ্ন এলাকায় এক মাদরাসা সুপার ও দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের নেতৃত্বে এই হামলা চালানো হয়।

আহত আব্দুল কুদ্দুছ সরকার দৈনিক সংবাদের পীরগাছা প্রতিনিধি এবং পীরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক। এ ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

ভুক্তভোগী সাংবাদিক আব্দুল কুদ্দুছ জানান, বুধবার রাতে সোনালী ব্যাংকের নিচে মুহিব কম্পিউটারে বসে তিনি সংবাদ তৈরির কাজ করছিলেন। এ সময় স্বচাষ তালতলা দাখিল মাদরাসার সুপার লুৎফর রহমান তাঁকে বাইরে ডেকে নেন। কুদ্দুছ সরকার দোকানের বাইরে আসামাত্রই পূর্বপরিকল্পিতভাবে তাঁর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ।

অভিযোগ অনুযায়ী, এই হামলার মূল নেতৃত্বে ছিলেন স্বচাষ তালতলা দাখিল মাদরাসার সুপার লুৎফর রহমান। তাঁর সঙ্গে সরাসরি অংশ নেন দক্ষিণ ছাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম দুলাল এবং রামচন্দ্র মৌজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান। হামলার আগে মোবাইল ফোনে কল করে সাংবাদিকের অবস্থান নিশ্চিত করা হয় বলেও জানা গেছে।

হামলা চলাকালীন অভিযুক্তরা সাংবাদিক কুদ্দুছ সরকারকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। মাদরাসা সুপার লুৎফর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, “দাখিল পরীক্ষা নিয়ে নিউজ করার শখ মিটাবো।” অন্যদিকে, জাল সনদে চাকরি করে জেল খাটা শিক্ষক রফিকুল ইসলাম দুলাল সরাসরি হত্যার হুমকি দিয়ে বলেন, “তোর রিপোর্টের কারণে আমি জেল খেটেছি, তোকে খুন করে প্রয়োজনে সারাজীবন জেল খাটবো।”

উল্লেখ্য, গত ১৪ মে দৈনিক সংবাদসহ একাধিক গণমাধ্যমে “লাখো টাকার চুক্তিতে চলছে দাখিল পরীক্ষায় অনিয়ম” শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে অষ্টম শ্রেণির ছাত্রীকে দাখিল পরীক্ষার্থী বানানো, প্রবেশপত্র বাবদ অতিরিক্ত টাকা আদায় এবং সিসিটিভির বাইরে রেখে নকলের সুযোগ করে দেওয়ার মতো গুরুতর অনিয়মের তথ্য উঠে আসে। সংবাদটি প্রকাশের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়েদ ইমরুল মোজাক্কিন বিষয়টি তদন্তের নির্দেশ দেন। তদন্ত শুরু হওয়ার পরই ক্ষিপ্ত হয়ে শিক্ষকরা এই হামলা চালান।

অনুসন্ধানে জানা গেছে, হামলাকারী শিক্ষকদের বিরুদ্ধে আগে থেকেই নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।

রফিকুল ইসলাম দুলাল এইচএসসি ও ডিগ্রির জাল সনদে চাকরি করার দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে দোষী সাব্যস্ত হয়েছিলেন। এ ঘটনায় তিনি দুই মাস জেল খাটেন এবং বর্তমানে সাময়িক বরখাস্ত অবস্থায় রয়েছেন।

মাদরাসা সুপার লুৎফর রহমানের বিরুদ্ধে বিগত আওয়ামী শাসনামলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিয়োগ বাণিজ্য, শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ লোপাটের অভিযোগ রয়েছে।

প্রধান শিক্ষক লুৎফর রহমান ২০২৩ সালে বিকেলের পরীক্ষা না নিয়ে স্কুল বন্ধ করে চলে যাওয়ার ঘটনায় শোকজের মুখে পড়েছিলেন।

হামলার বিষয়ে অভিযুক্ত রফিকুল ইসলাম দুলাল বলেন, “কুদ্দুছ সাংবাদিকের রিপোর্টের কারণে আমার চাকরি চলে গেছে, তাই তাকে মেরেছি। দুদকের মামলা না তুললে তাকে শেষ করে দেব।” স্বচাষ তালতলা দাখিল মাদরাসার সুপার লুৎফর রহমানও হামলার বিষয়টি স্বীকার করে বলেন, “আমি তো একা মারিনি! এখন মামলা হয় কি না, সেটা দেখা যাবে।”

তবে রামচন্দ্র মৌজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান মারধরের বিষয়টি অস্বীকার করে দায় চাপান অন্য দুজনের ওপর।

পীরগাছা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ফজলুর রহমান বলেন, “অনিয়ম আড়াল করতেই এই ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে। আমরা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, “এটি একটি ফৌজদারি অপরাধ। ভুক্তভোগী সাংবাদিক থানায় বা কোর্টে মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম খন্দকার মহিব্বুল ইসলাম জানান, “বিষয়টি আমরা অবগত হয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এসআর

আইনশৃঙ্খলা বিবেচনায় রংপুর জেলার শ্রেষ্ঠ থানা পীরগাছা

৭ ঘণ্টা দেরিতে চলল লালমনি এক্সপ্রেস, যাত্রী ভোগান্তি চরমে

বড়পুকুরিয়া কয়লাখনিতে শ্রমিক-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

মাদকবিরোধী সুধী সমাবেশে ২০ মাদক কারবারির তালিকা প্রকাশ

রংপুরে ইয়াবা, ল্যাপটপ ও মোবাইলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

ফুলছড়িতে ভিজিএফের ৪৬৭ বস্তা চালসহ নৌকাডুবি

ব্যাকটেরিয়ার সহায়তায় আলু চাষে বিপ্লব, অর্ধেক সারেই ভালো ফলন

মাদকাসক্ত ভাতিজার বঁটির আঘাতে ফুপুর মৃত্যু

গোবিন্দগঞ্জে আঙুর চাষে সফল তরুণ উদ্যোক্তা সুলতান

শাশুড়িকে দাফন করে ফেরার পথে জামাই নিহত