হোম > সারা দেশ > রংপুর

দেশের সবচেয়ে ধীরগ‌তির ট্রেন!

আব্দুল্লাহ আল মুজাহিদ, জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

রেললাইনের কোথাও একফোঁটা পাথর নেই, কাঠের স্লিপারগুলো মাটির গভীরে ডেবে গেছে, আর দুই লাইনের সংযোগস্থলে চারটি নাট-বোল্টের বদলে আছে মাত্র দুটি। এই জরাজীর্ণ পথ ধরেই দেশের সবচেয়ে ধীরগতির ট্রেনটি চলে। পথচারীরা চাইলেই ট্রেন থামার আগেই ট্রেনে উঠে যেতে পারে।

অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। কুড়িগ্রামের উলিপুরের পাঁচপীর রেলস্টেশন থেকে চিলমারীর রমনা রেলস্টেশন পর্যন্ত ‘রমনা লোকাল’ ট্রেনটি ঘণ্টায় মাত্র ১৫ কিলোমিটার গতিতে চলাচল করে। মাত্র ২০ কিলোমিটার পথ পাড়ি দিতে এর সময় লাগে এক ঘণ্টারও বেশি। এমনকি খোদ ট্রেনের পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও স্বীকার করেছেন যে এটি দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং ধীরগতির রেলপথ।

সরেজমিনে দেখা গেছে, দীর্ঘ এই রেলপথের কোথাও কোনো পাথর নেই। বেশিরভাগ স্লিপার অর্ধপচা এবং সেগুলো মাটির নিচে দেবে আছে। কিছু কিছু জায়গায় স্লিপারের নিচের মাটিও সরে গেছে। দুই লাইনের মধ্যবর্তী স্থান মাটি আর ঘাসে ঢাকা। পাথরের বদলে পুরো রেলপথটি মাটির ওপর বিছানো। এমন ঝুঁকির মধ্যেই প্রতিদিন নিয়মিত ট্রেন চলাচল করছে।

রেল সংশ্লিষ্টরা জানান, পাঁচপীর স্টেশন থেকে রমনা স্টেশন পর্যন্ত পুরো রেলপথটিই ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকি বিবেচনা করেই ট্রেনের গতি ঘণ্টায় ১৫ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। কিন্তু সেই গতিতেও ট্রেন চলতে গিয়ে দুই দিকে দুলতে থাকে এবং প্রায়ই লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে।

লালমনিরহাট রেল বিভাগ সূত্রে জানা গেছে, এই রেলপথ সংস্কারের জন্য এক বছরেরও বেশি সময় আগে দরপত্র আহ্বান করা হয়েছিল। বিশ্বাস কনস্ট্রাকশন নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে এর দায়িত্ব দেওয়া হয়। কিন্তু এক বছরের বেশি সময় পার হলেও কাজের কাজ কিছুই হয়নি। শুধু কিছু মাটি ভরাট আর কয়েকটি রেলসেতু মেরামতের কাজ হলেও রেললাইন, স্লিপার পরিবর্তন এবং পাথর ফেলার গুরুত্বপূর্ণ কাজগুলো বন্ধ রয়েছে। ফলে রেলপথটি এখনও মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।

রমনা লোকাল ট্রেনের একাধিক পরিচালক (গার্ড) নাম প্রকাশ না করার শর্তে জানান, এই পথে ঝুঁকি নিয়ে ট্রেন চালাতে হয়। লাইনের এতটাই বেহাল দশা যে নির্ধারিত ১৫ থেকে ২০ কিলোমিটার গতিতেও ট্রেন চালানো কঠিন হয়ে যায়।

তিস্তা থেকে চিলমারী পর্যন্ত রেলপথের দায়িত্বে থাকা লালমনিরহাট রেল বিভাগের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী বজলুর রহমান বলেন, “এক বছর আগে প্রায় ৩১ কোটি টাকা ব্যয়ে রেলপথ সংস্কারের কাজ শুরু হয়েছিল। কিন্তু স্লিপার সংকটের কারণে বর্তমানে কাজ বন্ধ আছে। রেলপথটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ট্রেনের গতি ঘণ্টায় ১৫ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে।”

এ বিষয়ে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আবু হেনা মোস্তফা আলম বলেন, “রেলপথটি আসলেই ঝুঁকিপূর্ণ। স্লিপার সংকট এবং রেললাইন পরিবহনে সমস্যার কারণে সংস্কার কাজ বন্ধ রয়েছে। আশা করছি, আগামী অক্টোবর কিংবা নভেম্বরের মধ্যে আবার কাজ শুরু করা সম্ভব হবে।”

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো