হোম > সারা দেশ > রংপুর

কী কারণে বরখাস্ত হলেন কুড়িগ্রামের সেই ডিসি

আব্দুল্লাহ আল মুজাহিদ, কুড়িগ্রাম

কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। একটি গণমাধ্যমের জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানকে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন ও হত্যাচেষ্টা মামলায় তাকে বরখাস্ত করা হয়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু মোছা. সুলতানা পারভীন, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয় (প্রাক্তন জেলা প্রশাসক, কুড়িগ্রাম) গত ২ সেপ্টেম্বর/২০২৫ সিনিয়র দায়রা জজ আদালত, কুড়িগ্রাম-এ হাজির হয়ে ফৌজদারি মিস মামলা নং-১৩৪৫/২০২৫; জি.আর. ৮৩/২০২০ (কুড়িগ্রাম)-এ জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত শুনানিঅন্তে তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন।

যেহেতু, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯ (২) ধারা অনুযায়ী সরকার তাকে সরকারি চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন মনে করে।

সেহেতু, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯ (২) ধারা অনুযায়ী মোছা. সুলতানা পারভীন, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়-কে ০২.০৯.২০২৫ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

সেই রাতে যা ঘটেছিলো

কুড়িগ্রাম শহরের একটি সরকারি পুকুর সংস্কার করে ডিসির নামে (সুলতানা সরোবর) নামকরণ নিয়ে সংবাদ প্রকাশের জেরে ২০২০ সালের ১৩ মার্চ দিবাগত মধ্যরাতে সাংবাদিক আরিফকে তার বসতবাড়ি ও বসতঘরের গেট ভেঙ্গে তুলে নিয়ে যান জেলা প্রশাসনের তিন ম্যাজিস্ট্রেট আরডিসি নাজিম উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা এবং এস এম রাহাতুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাকে ক্রসফায়ারে দেওয়ার উদ্দেশ্যে জেলা শহরের পূর্বে ধরলা নদীর তীরে নেওয়া হয়। পরে সেখান থেকে ফিরিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে বিবস্ত্র করে পেটানো হয়। এরপর মাদক রাখার অভিযোগ দেখিয়ে মধ্যরাতেই ভ্রাম্যমাণ আদালতের নামে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

এ নিয়ে সারা দেশে প্রতিক্রিয়া ও প্রতিবাদ শুরু হলে একদিন পর আরিফকে জামিন দেয় জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালত।

আইনের আশ্রয় নেন আরিফ

জামিনে মুক্তি পেয়ে কুড়িগ্রাম সদর থানায় তৎকালীন ডিসি সুলতানা পারভীন ও তিন ম্যাজিস্ট্রেট আরডিসি নাজিম উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা এবং এস এম রাহাতুল ইসলামসহ অজ্ঞাত আরো ৩০/৩৫ জনকে আসামি করে এজাহার দায়ের করেন আরিফ। পরে হাইকোর্টের নির্দেশে ২০২০ সালের ৩১ মার্চ এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলাটি তদন্ত করে ঘটনার দীর্ঘ পাঁচ বছর পর আদালতে চার্জশিট দাখিল করেছে। চার্জশিটে সুলতানা পারভীন, তৎকালীন আরডিসি নাজিম উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা এবং এস এম রাহাতুল ইসলামকে অভিযুক্ত করা হয়।

আদালতের দারস্থ ডিসি সুলতানা

গত ৩ আগস্ট ২০২৫, আসামি সুলতানা পারভীন হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। হাইকোর্ট তাকে জামিন না দিয়ে চার সপ্তাহের মধ্যে কুড়িগ্রাম জেলা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। এরপর তিনি গত ২১ আগস্ট জেলা জজ আদালতে জামিন আবেদন করেন। তবে আইন অনুযায়ী তিনি সশরীরে আদালতে উপস্থিত হননি।

এ নিয়ে আপত্তি জানিয়ে আরিফের আইনজীবী আজিজুর রহমান দুলু আদালতে একটি পিটিশন দাখিল করেন।

নিম্ন আদালতের আদেশ

সুলতানা পারভীনের জামিন আবেদনের প্রেক্ষিতে গত ২১ আগস্ট জেলা জজ আদালত ২ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করেন। আদালত প্রথম দফায় প্রায় সোয়া ১ ঘণ্টা উভয় পক্ষের যুক্তি তর্ক শোনেন। পরে মূলতবি দিয়ে দুপুর আড়াইটায় শুনানি শুরু হয়। উভয়পক্ষের শুনানি ও এজাহার পর্যালোচনা করে আদালত সুলতানা পারভীনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদেশের কিছু পরেই প্রিজন ভ্যানে করে সুলতানা পারভীনকে কারাগারে নিয়ে যায় পুলিশ।

সাংবাদিক আরিফের প্রতিক্রিয়া

আরিফ বলেন, সংবাদ প্রকাশের জেরে আমাকে বিনা অপরাধে মধ্যরাতে তুলে নিয়ে নির্যাতন করা হয়। এরপর মিথ্যা অভিযোগে কারাগারে পাঠানো হয়। ন্যায়বিচার পাবার আশায় দীর্ঘ পাঁচ বছর ধরে প্রতীক্ষা করছি। আজ প্রাথমিকভাবে আদালতের কাছে ন্যায় বিচার পেয়েছি। প্রমাণ হয়েছে আইনের ঊর্ধ্বে কেউ নয়। আমি মনে করি, এটি দেশের সাংবাদিক সমাজ, আমার সহকর্মী ও শুভাকাঙ্খীদের জন্য স্বস্তির খবর।

আরিফের আইনজীবী আজিজুর রহমান দুলু বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশে আনিত আরিফের মামলায় সুলতানা পারভীনের জামিন নামঞ্জুরের আদেশে বাদী পক্ষের আইনজীবী হিসেবে আমরা সন্তুষ্ট। আদেশটি বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি মাইলফলক।

হাতুড়ি দিয়ে পিটিয়ে দোকান কর্মচারীকে হত্যা

কারমাইকেল কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

চার্টার্ড সেক্রেটারী দিবসে আইসিএসবির দিনব্যাপী কর্মসূচি

সৈয়দপুর সরকারি কলেজ মাঠে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

দিনাজপুর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াস আহমেদ

শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্তের বাড়িতে আগুন, ওসি প্রত্যাহার

লালমনিরহাটে নিখোঁজের একদিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

গোবিন্দগঞ্জে আখের ব্যাপক উৎপাদন

আমার দেশ-এর প্রতিবেদন প্রকাশের পর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কমিটি

রৌমারী সীমান্তের নোম্যান্স ল্যান্ডে ৪০ ঘণ্টা ধরে ৯ বাংলাদেশি আটকা