রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামকে তারাগঞ্জে গণসংবর্ধনা দিয়েছে সর্বস্তরের মানুষ।
শুক্রবার বিকেল ৪টায় স্থানীয় ও/এ কামিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে হাজারো মানুষের উপস্থিতিতে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মানুষ ফুলের তোড়া নিয়ে তাদের প্রিয় নেতাকে শুভেচ্ছায় সিক্ত করেন।
তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির এস এম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা শূরা ও কর্মপরিষদের সদস্য মাওলানা আব্দুল হান্নান খান, বদরগঞ্জ উপজেলার নায়েবে আমির শাহ রুস্তম আলী, তারাগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়াকুব আলী, এমপির প্রতিনিধি মো. আমিনুল ইসলামসহ দলীয় ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সংসদ সদস্যের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এমপি এটিএম আজহারুল ইসলাম। তিনি বলেন, “আপনাদের ভালোবাসায় আমি অভিভূত। মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা, যিনি আমাকে কঠিন সময় পেরিয়ে আজ আপনাদের সামনে দাঁড়ানোর সুযোগ দিয়েছেন। ফাঁসির মঞ্চ থেকে আজ আমি আপনাদের মঞ্চে।”
তিনি আরও বলেন, “আপনাদের ভোটে আমি সংসদে যাওয়ার সুযোগ পেয়েছি। আমি আপনাদের সেবক। আপনারা আমার ওপর আস্থা রাখবেন—সরকারি যে বরাদ্দ আসবে, তা সুষ্ঠুভাবে আপনাদের মাঝে বণ্টন করা হবে।”
দলীয় পক্ষপাতিত্বের অভিযোগ নাকচ করে তিনি বলেন, “আমি জামায়াতে ইসলামী করি বলে দলীয় নেতা-কর্মীদের বেশি সুবিধা দেওয়া হবে—এমনটা কখনো হবে না। সরকারি বরাদ্দ সবার মাঝে সমভাবে বণ্টন করা হবে—এটাই আমার প্রতিজ্ঞা।”
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, কেউ যেন তার কাছে কোনো অন্যায় আবদার না করেন। তিনি অন্যায়ের সঙ্গে কখনোই আপস করবেন না বলেও জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষ আশা প্রকাশ করেন, সংসদ সদস্য হিসেবে এটিএম আজহারুল ইসলাম ভবিষ্যতে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।