ডিশ ব্যবসার ফিডের নিয়ন্ত্রণ নিয়ে রংপুর মহানগরীতে সিগন্যাল অপারেটর ক্যাবেল ওয়ানের অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ম্যানেজারকে মারধর এবং জিএমকে সপরিবারে গুলি করে হত্যার হুমকিও দেয় জেলা যুবদলের নেতা। এ ঘটনায় যুবদলের ওই নেতাকে বহিষ্কার করেছে দলটি।
রোববার সন্ধ্যায় নগরীর প্রেসক্লাবের সামনে ক্যাবল ওয়ান অফিসে এ ঘটনা ঘটে। এর পরেই রাত ১১টার দিকে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরকৃত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বহিষ্কৃত দুজন হলেন— জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল ইসলাম মনু ও সহসাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিব।
কেবল ওয়ান কর্তৃপক্ষের অভিযোগ, নগরীর ২৪ নং ওয়ার্ডের কামালকাছনা এলাকার ক্যাবল ওয়ানের ফিড মালিককে বাদ দিয়ে গালিব নামে এক ব্যক্তিকে দেওয়ার জন্য ওয়ান কর্তৃপক্ষের কাছে চাপ দেওয়া হচ্ছিল।
এরই ধারাবাহিকতায় ২৩ ফেব্রুয়ারি কামাল কাছনা এলাকার ডিশের লাইন কেটে দেয় গালিব ও তার বাহিনী। বিষয়টি নিয়ে ২৮ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে উক্তভোগী ফিড মালিক। কেবল ওয়ান কর্তৃপক্ষের অভিযোগ, এ ঘটনার জেরে গালিব তার সন্ত্রাসী বাহিনী নিয়ে ক্যাবল ওয়ান অফিসে হামলা চালায় এবং ল্যাপটপস ডিশের প্রয়োজনীয় সরঞ্জাম ভাঙচুর করে।
এ সময় কেবল ওয়ানের ম্যানেজার পরাগকে ব্যাপক মারধর করা হয় এবং সোমবারের মধ্যে ফিডের মালিক পরিবর্তন না করলে প্রতিষ্ঠানটির জিএম কাফিকে সপরিবারে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় ক্যাবল ওয়ান অফিসটি তালাবদ্ধ করে কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে গেছেন। মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার তোফায়েল আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বহিষ্কারপত্রে বলা হয়েছে, আকিবুল রহমান মনু ও তামজিদুর রশীদ গালিবের বহিষ্কারাদেশ এবং আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। পত্রে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি নানা অনাচারের কারণে রংপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল রহমান মনু ও সহসাধারণ সম্পাদক তামজিদুর রশীদ গালিবকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায় দল নেবে না। যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।