নীলফামারীতে ৭ ফেব্রুয়ারি নির্বাচনি জনসভায় আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন মিছিল হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপির সদস্য রেদোয়ানুল হক বাবুর নেতৃত্বে নারীদের অংশগ্রহণে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা বিএনপির সদস্য এবং ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক ছাত্রনেতা রেদোয়ানুল হক বাবু বলেন, দলীয় চেয়ারম্যানকে স্বাগত জানানোর জন্য জেলা বিএনপির সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলার চারটি আসনের বিএনপি প্রার্থীসহ সাংগঠনিক ৫ উপজেলার নেতাদের সফরের বিষয়টি জানানো হয়েছে। সকল ইউনিটের নেতাকর্মী থেকে শুরু করে সমর্থকরা চেয়ারম্যানের জনসভায় যোগদান করবেন।
তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের মানুষের অধিকার আদায়ের জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই আগামী শনিবার নির্বাচনি প্রচারণায় নীলফামারী আসছেন বিএনপির চেয়ারম্যান। তার আগমনকে ঘিরে আজ তরুণ-তরুণী, শিক্ষার্থীদের অংশগ্রহণে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হলো।
এ জেলার উন্নয়নের স্বার্থে, এলাকার অর্থনৈতিক, অবকাঠামো এবং বেকারত্ব দুর করতে সদর আসন থেকে তারেক রহমানের খালাতো ভাই ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আমরা মনে করি এবং বিশ্বাস করি তুহিন ভাই নির্বাচিত হলে এ জেলায় উন্নয়নের ঢেউ বয়ে যাবে। তাই ভোটের দিন আমরা সবাই ধানের শীষে ভোট দিবো।