লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ছাত্র সমন্বয়ক গোলাম আজমের (২৫) ওপর অতর্কিত হামলা করেছে দুর্বৃত্তরা। এতে গুরুতর আহত হন তিনি। বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আজমের বড় ভাই মাসুদ আলম বাদি হয়ে পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করেছেন। আজম জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে পাটগ্রাম উপজেলায় প্রধান ভূমিকা পালন করেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, পৌরসভার কোটতলী এলাকায় নিজ বাড়ির পাশের সড়কে হাঁটছিলেন গোলাম আজম। এসময় ব্যক্তিগত বিষয় নিয়ে প্রতিবেশি দেদুল মিয়া (৫৯), তাঁর ছেলে সজিব মিয়া ওরফে টাইগার (২৬) ও রহিদুল ইসলাম (৩২) তাঁকে মারধর করেন। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসক বিকেলে আজমকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
পাটগ্রাম থানার ওসি আশরাফুজ্জামান সরকার বলেন, বৃহস্পতিবার দুপুরে এজাহারভুক্ত আসামি সজিব মিয়া ওরফে টাইগারকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। হামলার প্রতিবাদে এদিন বিকেলে শহরে বিক্ষোভ মিছিল ও চৌরঙ্গী মোড়ে প্রতিবাদ সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।