হোম > সারা দেশ > রংপুর

আত্রাইয়ে ৫৪ বছরেও হয়নি সেতু ভরসা সাঁকো ও নৌকা

দিনাজপুরের জয়গঞ্জ খেয়াঘাট

জসিম উদ্দিন, খানসামা (দিনাজপুর)

স্বাধীনতার ৫৪ বছর পরও দিনাজপুরের খানসামা ও বীরগঞ্জের আত্রাই নদীর ওপর সেতু নির্মিত হয়নি। বাঁশের সাঁকো আর বর্ষায় নৌকাই চার জেলার লাখো মানুষের ভরসা। প্রতিবার নির্বাচনে প্রতিশ্রুতি মিললেও বাস্তবায়ন হয়নি।

খানসামা উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের জয়গঞ্জ গ্রামের ডাঙ্গাপাড়ার পাশ দিয়ে বয়ে গেছে আত্রাই নদী। উত্তরাঞ্চলের অনেক নদীই মরে গেলেও আত্রাই রয়েছে খরস্রোতা। খানসামা ও বীরগঞ্জ উপজেলার মাঝখান দিয়ে বয়ে যাওয়া নদীর বেশির ভাগ অংশ শুকিয়ে গেছে। তবে পানি প্রবাহিত হওয়া স্থান দিয়ে প্রায় ৫০০ ফুট দীর্ঘ একটি বাঁশের সাঁকো আছে।

জয়গঞ্জ ঘাটের ইজারাদার মো. আনোয়ারুল ইসলাম নির্মিত বাঁশের সাঁকোটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ, ভ্যান ও মোটরসাইকেল ঝুঁকি নিয়ে চলাচল করছে। তবে ভরা মৌসুমে নদীতে পানি বেশি থাকলে মানুষ নৌকায় চলাচল করে।

স্থানীয়রা জানান, একটি সেতুর জন্য সংশ্লিষ্টদের কাছে বহুবার আবেদন করা হয়েছে। নির্বাচনের আগে প্রার্থীরা অনেকবার সেতু তৈরির প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবরূপ নেয়নি আজও। জয়গঞ্জের বাসিন্দা আবুল কালাম বলেন, ছোটবেলা থেকে নদীটির ওপর বাঁশের সাঁকো আর বেশি পানি থাকলে নৌকা চলতে দেখেছি, যা এখনো চলছে।

বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়নের বাসিন্দা শুকুর আলী বলেন, ‘জন্ম থেকে শুনতেছি এখানে সেতু হবে। আওয়ামী লীগ সরকারের এমপির কাছে সেতুর জন্য কত আন্দোলন, কত মানববন্ধন করেছি! ভোট এলে কয় সেতু তৈরি করে দেবে কিন্তু ভোটের পর আর খবর নেয়নি।’

ঝাড়বাড়ী-জয়গঞ্জ খেয়াঘাট সেতু বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শেখ জাকির হোসেন বলেন, এখানে একটি সেতু হলে দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও নীলফামারী জেলা শহরের সঙ্গে সরাসরি যোগাযোগ সম্ভব হবে। এতে শিক্ষা, চিকিৎসা, বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রের উন্নয়ন ত্বরান্বিত হবে। যোগাযোগের উন্নতি হলে আর্থসামাজিক উন্নয়ন ও কৃষিক্ষেত্রে বিপ্লব সাধিত হবে। অথচ একটি সেতুর অভাবে এলাকার লোকজন পিছিয়ে পড়ছে। অতিরিক্ত পরিবহন খরচের কারণে কৃষকরা তাদের ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন না।

সেতু নির্মাণের বিষয়ে খানসামা উপজেলার প্রকৌশলী শাহ মো. ওবায়দুর রহমান বলেন, ‘ওইখানে সেতু নির্মাণের জন্য প্রস্তাবনা দেওয়া হয়েছিল। এজন্য ঢাকা থেকে আমাদের একটি ডিজাইনও পাঠিয়েছিল। আমরা সেটি পরীক্ষা-নিরীক্ষা করে আবারও ঢাকায় পাঠিয়েছি। কিন্তু পরবর্তী সময়ে আমাদের কাছে আর কোনো নির্দেশনা আসেনি।’

নীলফামারী সওজের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, আত্রাই নদীর ওপর সেতু নির্মাণের বিষয়ে উদ্যোগ চলমান। এলাকাবাসীর দীর্ঘদিনের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রাথমিক পর্যায়ে কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। আরো কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। তবে কবে নাগাদ এই প্রকল্প বাস্তবায়ন হতে পারে তা বলা যাচ্ছে না।

সৈয়দপুরে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের দোয়া আয়োজন

চিরিরবন্দরে লিচু বাগানে মধু বিপ্লব

করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে মারধর

আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে অর্থ লোপাট, তদন্ত কমিটি​​ গঠন

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় দুই ভাইয়ের মৃত্যু

কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড বিতরণে দলীয় দৃষ্টিভঙ্গি থাকবে না

পান্তা-ইলিশ নয়, রুই-পান্তা দিয়ে নববর্ষ উদযাপন উপজেলা প্রশাসনের

কুড়িগ্রাম সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

নীলফামারীতে মন্দিরের উঠানে কৃষকের গলাকাটা লাশ

দখলমুক্ত জায়গাকে ‘গণমাধ্যম চত্বর’ ঘোষণা জামায়াত এমপির