দিনাজপুরের বীরগঞ্জে গ্রামীণ সড়কে ডাম্পট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহতের নাম বিমল রায়।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বিমল চন্দ্র রায় (৫৫) ও মোটরসাইকেল চালক স্বপন রায় (২৬)। তারা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল রাতে বীরগঞ্জ-খানসামা গ্রামীণ সড়কের ২২ মাইল ঢোলপুকুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বালু বহনকারী ডাম্পট্রাকটি (ঢাকা মেট্রো-ট ১২-২১০৪) আটক করেছেন স্থানীয়রা।
নিহত বিমল রায় (৫০) বোচাগঞ্জ উপজেলার ছাতইল ইউনিয়নের নাড়ইল গ্রামের মৃত সেধেন চন্দ্র রায়ের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তারা তিনজন একই মোটরসাইকেলে আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে দুর্ঘটনাস্থলে বিমল রায় মাথা থেঁতলে মারা যায়।
স্থানীয়রা আহত বিমল ও স্বপনকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাদের দিমেক হাসপাতালে পাঠায়।
থানার এস আই রায়হান সুরতহাল রেকর্ড করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে। ট্রাকটি বীরগঞ্জ থানা হেফাজতে নেয়া হয়েছে।
বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। ইউডি মামলা হয়েছে। ট্রাকটি আটক রয়েছে।