রংপুরের তারাগঞ্জে ঈদের জন্য মাংস কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আবু বক্কর সিদ্দিক (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলার পার্শ্ববর্তী চিকলী বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আবু বক্কর সিদ্দিক উপজেলার কুর্শা ইউনিয়নের ফজলা রহমানের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুম্মার নামাজের পর ঈদের জন্য মাংস কেনার উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে চিকলী বাজারে যান সিদ্দিক।
পথে রংপুর-বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই স্থানীয় জনতা বাসটি আটক করে ভাঙচুর চালায়।
তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি আটক করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। এবং চালককে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।