পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অসহায় ও দুস্থদের জন্য কাপড় বরাদ্দ না পাওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ।
শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি তুলে ধরেন। ওই পোস্টে তিনি উল্লেখ করেন, ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন নির্বাচনি এলাকায় অসহায় ও দুস্থ মানুষের জন্য কাপড় বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
তবে দুঃখজনকভাবে এ বরাদ্দ শুধুমাত্র সরকারদলীয় সংসদ সদস্যদের নির্বাচনি এলাকাতেই দেওয়া হয়েছে বলে তার নজরে এসেছে। বিরোধীদলীয় সংসদ সদস্যদের নির্বাচনি এলাকায় এ ধরনের কোনো বরাদ্দ দেওয়া হয়নি বলেও তিনি দাবি করেন।
ফেসবুক পোস্টে সংসদ সদস্য আব্দুল ওয়ারেছ লিখেছেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল কোনো দলীয় তহবিল নয়; এটি রাষ্ট্রের একটি মানবিক সহায়তা তহবিল, যা দেশের সকল নাগরিকের কল্যাণে ব্যবহারের জন্য প্রতিষ্ঠিত। তাই এ তহবিল থেকে সহায়তা প্রদানের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বৈষম্য সৃষ্টি করা সমীচীন নয়।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সমগ্র বাংলাদেশের প্রধানমন্ত্রী—কোনো নির্দিষ্ট দলের নয়। দেশের সব জনগণ সমানভাবে রাষ্ট্রের সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার রাখে। এ কারণে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সহায়তা প্রদানের ক্ষেত্রে রাজনৈতিক বিভাজন পরিহার করে দেশের সব নির্বাচনি এলাকার অসহায় ও দুস্থ মানুষের জন্য সমানভাবে বরাদ্দ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
পোস্টে সংসদ আব্দুল ওয়ারেছ প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্যাডে প্রকাশিত বরাদ্দ সংক্রান্ত একটি স্ক্রিনশটও সংযুক্ত করেন। সেখানে দেখা যায়, উত্তরাঞ্চলের পাঁচটি জেলার বিভিন্ন সংসদীয় আসনে জনপ্রতিনিধিদের নামে সিনথেটিক শাড়ি ৭০০ পিস, থ্রি-পিস ১০০ পিস এবং হাজী রুমাল ৫০ পিস করে বরাদ্দ দেওয়া হয়েছে। তবে তার নির্বাচনি এলাকায় এ ধরনের কোনো বরাদ্দ দেওয়া হয়নি বলে তিনি দাবি করেন।