রংপুরের পীরগাছায় বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা আপন চাচাতো-জ্যাঠাতো ভাই-বোন। একসঙ্গে বেড়ে ওঠা দুই শিশুর এমন অকাল ও আকস্মিক বিদায় কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজনরা। এই হৃদয়বিদারক ঘটনায় নিহতের পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
নিহত শিশুরা হলো, উপজেলার কৈকুড়ী ইউনিয়নের নজর মাহমুদ এলাকার সজীব মিয়ার ছেলে রাজীব মিয়া (৬) এবং শাহজাহান মিয়ার মেয়ে সেনাতুল আক্তার (৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে রাজীব ও সেনাতুল একসঙ্গে খেলাধুলা করার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় পার হয়ে গেলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। চারদিকে শুরু হয় খোঁজাখুঁজি। কিন্তু কোথাও তাদের সন্ধান মিলছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে দুই শিশুর লাশ ভাসতে দেখে আঁতকে ওঠেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে চিৎকার ও কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ। স্থানীয়রা দ্রুত পানি থেকে তাদের উদ্ধার করে ওপরে তুলে আনেন। কিন্তু ততক্ষণে সব শেষ, সবাইকে কাঁদিয়ে না-ফেরার দেশে চলে গেছে নিষ্পাপ শিশু দুটি।
দুই সন্তানকে হারিয়ে বাবা-মা এখন নির্বাক। প্রতিবেশীরা তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছেন। বাড়ির উঠানে দুই শিশুর নিথর লাশ পাশাপাশি শুইয়ে রাখা দেখে উপস্থিত কেউই চোখের পানি ধরে রাখতে পারেননি।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম বলেন, বাচ্চা দুটিকে প্রতিদিন চোখের সামনে হাসতে-খেলতে দেখতাম। আজ হঠাৎ পুকুরে ওদের এভাবে ভাসতে দেখে বুকটা কেঁপে উঠেছিল। পানি থেকে যখন তুললাম, ততক্ষণে সব শেষ। পুরো গ্রাম যেন এক নিমেষে স্তব্ধ হয়ে গেছে।
আরেক প্রতিবেশী জাহান্নারা বেগম বলেন, একই পরিবারের দুটি কোল এভাবে খালি হয়ে যাবে, তা ভাবতেও পারছি না। ওদের মা-বাবার দিকে তাকানো যাচ্ছে না। এই শোক সইবার শক্তি আল্লাহ যেন তাদের দেন।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। শিশু দুটির লাশ সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।