হোম > সারা দেশ > রংপুর

নীলফামারীতে খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়ম, ডিলারকে জরিমানা

জেলা প্রতিনিধি, নীলফামারী

নীলফামারীর জলঢাকায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়ম ধরা পড়েছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন।

জানা যায়, উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের পাঠানপাড়া বাজার পয়েন্টে চাল বিতরণের সময় স্থানীয় উপকারভোগীরা অভিযোগ করেন, নির্ধারিত মূল্যে চাল কিনলেও প্রতিটি কার্ডে এক থেকে দেড় কেজি পর্যন্ত কম দেওয়া হচ্ছে। অভিযোগ পেয়ে দ্রুত অভিযান চালিয়ে ইউএনও ভোক্তাদের কার্ড অনুযায়ী চাল মেপে দেখেন। তাতে অনিয়মের সত্যতা মেলে।

এ ঘটনায় অভিযুক্ত ডিলার ফরহাদ হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ডিলার দাবি করেন, গুদাম থেকেই চাল কম দেওয়া হয়েছে। তবে দায়িত্বপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় অভিযোগ অস্বীকার করে জানান, নির্ধারিত পরিমাণ চাল যথাযথভাবে সরবরাহ করা হয়েছে।

ইউএনও জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অনিয়ম প্রমাণিত হওয়ায় জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়মে যাতে অন্য ডিলাররা জড়াতে না পারে, এটি তাদের জন্য সতর্কবার্তা।

অভিযানে জলঢাকা থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সেপ্টেম্বর-নভেম্বর এবং মার্চ-এপ্রিল—এই দুই মৌসুমে হতদরিদ্র মানুষকে ১৫ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি চাল দেওয়া হয়। তবে প্রায়ই বিভিন্ন স্থানে ওজন কম দেওয়া, তালিকার বাইরে বিতরণ বা কালোবাজারে বিক্রির মতো অভিযোগ উঠে আসছে।

স্থানীয়রা জানান, এ অভিযানে তারা স্বস্তি পেলেও নিয়মিত তদারকি না থাকলে সাধারণ মানুষ আবারও প্রতারিত হবে। স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিদেরও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

উত্তরের ঈদযাত্রার বিকল্প নৌপথেও বাধা

পার্বতীপুরে ট্রেনে আগুন, ১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

নবাবগঞ্জে সাবেক ইউ পি চেয়ারম্যানকে কারাদণ্ড

বিএনপি–জামায়াত সংঘর্ষ, হাসপাতালে শয্যাশায়ী জামায়াত নেতা গ্রেপ্তার

সৈয়দপুর থেকে বাসযোগে দিনাজপুরে যাবেন তারেক রহমান

কুড়িগ্রামে ​ঝড় ও শিলাবৃষ্টিতে একজনের মৃত্যু

জাতীয় সরকার গঠনের অঙ্গীকার থেকে সরে যাচ্ছে বিএনপি: মজিবুর রহমান মঞ্জু

মশা নিধনে ক্রাশ প্রোগ্রাম কেসিসির

প্রধানমন্ত্রীর তহবিলের কাপড় না পেয়ে জামায়াত এমপির আক্ষেপ

রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন মাহফুজ উন নবী ডন