হোম > সারা দেশ > রংপুর

হাসপাতালে শিশুর স্বজনের সঙ্গে দুর্ব্যবহার, সেই চিকিৎসক বরখাস্ত

জেলা প্রতিনিধি, পঞ্চগড়

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আবুল কাশেমকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ডা. আবুল কাশেম রোগীর আত্মীয়ের সঙ্গে অপেশাদারসুলভ আচরণ, অশ্লীল কথাবার্তা ও দুর্ব্যবহার করেন। যা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। তার এ আচরণ সরকারি কর্মচারী আচরণ বিধিমালার পরিপন্থি এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর ৩ (খ) বিধি অনুযায়ী ‘অসদাচরণ’ হিসেবে গণ্য। এ কারণে তাকে সরকারি চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এতে আরও বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর ১২(১) বিধি অনুযায়ী আদেশ জারির তারিখ থেকেই তার এ বরখাস্ত কার্যকর হবে। তবে নিয়ম অনুযায়ী বরখাস্তকালীন তিনি খোরপোষ ভাতাদি প্রাপ্য হবেন।

এর আগে, ডা. আবুল কাশেমের একটি কুরুচিপূর্ণ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায়, চিকিৎসাধীন ধর্ষণের শিকার এক শিশুর বাবা-স্বজনের সঙ্গে তিনি অশালীন, অপমানজনক ও হুমকিমূলক আচরণ করেন এবং আক্রমণাত্মক ভাষায় কটূক্তি করেন। ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে সমালোচনার তীব্র ঝড় ওঠে। তোপের মুখে পড়ে যদিও সেই চিকিৎসক পরে সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন।

সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ওই চিকিৎসকের কঠোর শাস্তি দাবি করেন। অনেকেই মন্তব্যে লিখেছেন, এ ধরনের আচরণ চিকিৎসক সমাজের জন্য কলঙ্কজনক।

পঞ্চগড় সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, বিভিন্ন গণমাধ্যমে নিউজ প্রচারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হলে তার নজরে আসার পরপরই ওই চিকিৎসককে শোকজ করা হয়েছিল। পরে মন্ত্রণালয় থেকে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো