অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী। মানবিক দায়িত্ববোধ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেছেন তিনি।
শনিবার গংগাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাগডহরা আশ্রয়ণ পাড়ায় মানবিক সংগঠন ‘প্রকৃতি ও জীবন’-এর উদ্যোগে আয়োজিত বিনামূল্যে চিকিৎসাসেবা ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নেন সংসদ সদস্য।
এ সময় তিনি শীতার্ত ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করে চিকিৎসাসেবা নিতে আসা অসহায় মানুষের খোঁজখবর নেন।
ক্যাম্পে দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। এ কর্মসূচিতে ৪০০ জনের মধ্যে কম্বল বিতরণ এবং ৫০০ জনকে চিকিৎসাসেবা দেওয়া হয়।
এ সময় সংসদ সদস্য মো. রায়হান সিরাজী বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। বিশেষ করে শীতার্ত মানুষের কষ্ট লাঘব এবং অসুস্থ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
তিনি সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।