দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৫নম্বর ছাতইল ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এক ব্যতিক্রমী ব্যক্তি ইদু মোহাম্মদ (৫০)। তিনি শখের বসে প্রায়ই কাঁচা হাঁস, ছাগল, ব্রয়লার মুরগি ও গরুর মাংস খেয়ে থাকেন। তার এই অস্বাভাবিক খাদ্যাভ্যাসে এলাকায় দেখা দিয়েছে ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহল। অনেকেই তাকে ‘মানব হায়েনা’ বলেও ডাকছেন।
শনিবার (১৯ জুলাই) দুপুরে সরেজমিনে গিয়ে দৈনিক আমার দেশকে ইদু মোহাম্মদ জানান, ‘আমি ছোটবেলা থেকেই কাঁচা মাংস খেতে পছন্দ করি। এতে আমার শরীর ভালো থাকে, কখনো অসুস্থ হই না।’
ইদু মোহাম্মদ ৫নম্বর ছাতইল ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের লক্ষীপুর গ্রামের মৃত বয়েজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, ইদু মোহাম্মদ মাঝেমধ্যেই বাজার থেকে কাঁচা মাংস কিনে এনে প্রকাশ্যেই খেতে বসে পড়েন। কখনো হাঁস, কখনো ছাগল, কখনো ব্রয়লার মুরগি বা গরুর মাংস, সবই তিনি কাঁচা অবস্থায় খেয়ে ফেলেন। এতে এলাকাবাসী বিস্মিত।
স্থানীয় বাসিন্দা আব্দুল আলিম জানান, ‘ইদু মাঝে মাঝে কাঁচা মাংস খায়। তবে সেটা শখের বসে, সব সময় না।’
ইদুর স্ত্রী বেবি আক্তার বলেন, ‘আমার স্বামী মাঝেমধ্যেই কাঁচা মাংস খায়, তবে এতে তার কোনো সমস্যা হয় না।’
তবে তিনি কখনো চিকিৎসকের পরামর্শ নিয়েছেন কি না, এমন প্রশ্নে বলেন, “না, কোনো অসুবিধা হয়নি, তাই ডাক্তারের দরকার হয়নি।”
৫নম্বর ছাতইল ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান (হাবু) বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। আপনাদের মাধ্যমে জানলাম। আমি বিষয়টি খতিয়ে দেখছি।’
বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিজয় কুমার রায় বলেন, ‘কাঁচা মাংসে বিভিন্ন ধরনের ক্ষতিকর জীবাণু থাকে। দীর্ঘদিন এভাবে কাঁচা মাংস খেলে তার শরীরে মারাত্মক সংক্রমণ হতে পারে।’
তিনি আরও বলেন, ‘এ ধরনের আচরণ মানসিক বা আচরণগত ব্যতিক্রমের ফলও হতে পারে। একজন বিশেষজ্ঞ মনোরোগ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।’
ইদু মোহাম্মদের এই ব্যতিক্রমী অভ্যাস এলাকায় কৌতূহলের জন্ম দিলেও এর পেছনে লুকিয়ে থাকতে পারে বড় কোনো স্বাস্থ্যঝুঁকি বা মানসিক সমস্যা। প্রয়োজন যথাযথ চিকিৎসা পরামর্শ।