কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়নের বাজার উন্নয়ন কাজের সড়ক বাতি সংযোজনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীন 'প্রভাতী' প্রকল্পের কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন বিদ্যুৎ শ্রমিক মিজানুর রহমান (৪৩) ও স্থানীয় বাসিন্দা উমেদ আলী (৩৫)। মিজানুরের বাড়ি জেলা সদরের হলোখানা ইউনিয়নের মদাজালছাড়া গ্রামে। তার বাবার নাম মজিবর রহমান এবং উমেদ আলী ঘোগাদহ ইউনিয়নের প্রথম আলোর চরের আদর আলীর ছেলে। উমেদ আলী ঘোগাদহ বাজারে কেনাকাটা করার জন্য গিয়েছিলেন বলে জানা গেছে। বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তারা হলেন বাবলু মিয়া এবং বাজারের ব্যবসায়ী সেকেন্দার আলী। আহতদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, বাজারের বাতি স্থাপনের কাজ করতে গিয়ে লোহার বৈদ্যুতিক খুঁটি স্থাপনের সময় পাশে থাকা বিদ্যুৎ সরবরাহ লাইনের তারের সাথে ওই খুঁটির স্পর্শ লাগে। এতে শ্রমিক মিজানুর রহমান বিদ্যুতায়িত হন। তাকে সাহায্যে করতে এগিয়ে গেলে বাকি তিনজনও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠালে দায়িত্বরত চিকিৎসক মিজানুর ও উমেদ আলীকে মৃত ঘোষণা করেন।
কুড়িগ্রাম এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউনুস হোসেন বলেন, 'দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবর শুনেছি।বিষয়টি খুবই দুঃখজনক। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধান করে কারো গাফিলতি পেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।'
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, 'বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'