রংপুরের কাউনিয়ায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের এক নেতাসহ দুটি পৃথক মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নানের ছোট ভাই ও ৪ নম্বর শহীদবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুর রউফ (৫৯)। তিনি খোর্দ্দ ভুতছড়া গ্রামের মৃত জামাত উল্লাহর ছেলে। সন্ত্রাসবিরোধী আইনে কাউনিয়া থানায় গত ১২ নভেম্বর দায়ের করা একটি মামলার তদন্তে তার নাম উঠে এসেছে।
অপর গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. আমিরুল ইসলাম ওরফে মাসুদ রানা (৫৫)। তিনি পূর্ব চানঘাট গ্রামের মো. আব্দুল কাদেরের ছেলে। গত ৭ নভেম্বর দায়ের করা মারামারি ও হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৩টা ৫ মিনিটে উপজেলার খোর্দ্দ ভুতছড়া এলাকা থেকে আব্দুর রউফকে গ্রেপ্তার করা হয়। একই দিনে পূর্ব চানঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আমিরুল ইসলামকে।
পরে গ্রেপ্তার দুজনকে বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে।
কাউনিয়া থানার ওসি বাদল কুমার মন্ডল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।