ভারতে কাজ করতে যেয়ে অপহরণের শিকার হয়েছেন বাংলাদেশি যুবক মিঠুন (২২)। তার মুক্তিপণ হিসেবে পরিবারের কাছে ২ লাখ টাকা দাবি করেছেন অপহরণকারীরা।
একই সঙ্গে, তাকে নির্যাতনের একটি ভিডিও পরিবারের কাছে পাঠানো হয়েছে। টাকা না দিলে হত্যা করা হবে বলে জানানো হয়।
অপহরণের শিকার মিঠুন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার রুহিয়া মানিকখাড়ি গ্রামের আব্দুর রউফের ছেলে।
মিঠুনের বাবা আব্দুর রউফ জানান, তার ছেলে পাঞ্জাবের একটি ইটভাটায় রাজমিস্ত্রির কাজ করতেন। গত মঙ্গলবার একটি ভারতীয় নম্বর থেকে তাদের কাছে ফোন আসে। অপহরণকারীরা ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে মিঠুনকে মেরে ফেলার হুমকি দেয়। এর কিছুক্ষণ পরই তারা মিঠুনকে দড়ি দিয়ে বেঁধে নির্যাতনের একটি ভিডিও পাঠায়।
পরিবারের সদস্যরা জানান, ভিডিওতে মিঠুনকে খুবই ভীত দেখাচ্ছিল।
এ ঘটনার পর মিঠুনের পরিবার স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সহযোগিতা চেয়েছে।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল বলেন, তারা বিষয়টি সম্পর্কে জেনেছেন এবং সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেবেন।
এ বিষয়ে ৫০ বিজিবি অধিনায়ক তানজির আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।