দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে হত্যা, আত্মহত্যা ও দুর্ঘটনাসহ বিভিন্ন ঘটনায় নয়জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নয়জনের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
জেলার বীরগঞ্জ উপজেলার চাউলিয়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে জামাই সামিয়েল মার্ডি (৩৮) তার শাশুড়ি বাহা বেসরাকে (৫৫) ছুরিকাঘাতে হত্যা করেন।
শুক্রবার রাতের এই ঘটনায় পুলিশ অভিযুক্ত সামিয়েলকে গ্রেপ্তার করেছে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিকেল সাড়ে ৫টায় বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের নাগরগঞ্জ কলোনিপাড়ায় লিচু পাড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারায়ণ চন্দ্র বর্মণ (২২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়।
এদিকে জেলার নবাবগঞ্জ উপজেলায় করতোয়া নদী হতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ দিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নবাবগঞ্জ থানার ওসি আব্দুল মতিন।
অপরদিকে নবাবগঞ্জ উপজেলার মালভবানীপুর গ্রামের সাথী আকতার (২০), হাকিমপুর উপজেলার বাওনা আলিহাট গ্রামের বৃষ্টি (১৯), এবং বিরল উপজেলার ফরক্কাবাদ গ্রামের তৌফিকুজ্জামান (৪৭) ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
সংশ্লিষ্ট থানা পুলিশ এসব লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিমেক হাসপাতার মর্গে পাঠিয়েছে।
বোচাগঞ্জ উপজেলায় লিচুর বিচি গলায় আটকে ছয়মাস বয়সী শিশু আরফানের মৃত্যু হয়েছে।
জেলার ফুলবাড়ী উপজেলায় নতুন বাড়িতে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আঁখি মনি (২৭) নামে এক প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে।
জেলার সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসব ঘটনায় প্রাণহানির বিষয়গুলো নিশ্চিত করেছেন।
এমএস