হোম > সারা দেশ > রংপুর

কুড়িগ্রামের সেই ডিসিকে কারাগারে প্রেরণ

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগে করা মামলায় কুড়িগ্রামের সেই ডিসি সুলতানা পারভীনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ মোসাম্মৎ ইসমত আরা এ আদেশ দেন।

রিগানের আইনজীবী আজিজুর রহমান দুলু এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে আদালতের এজলাস কক্ষে প্রবেশ করেন সুলতানা পারভীন। তার পক্ষে জামিন শুনানি করেন অ্যাডভোকেট ফখরুল ইসলামসহ বেশ কয়েকজন আইনজীবী।

অন্যদিকে আরিফের পক্ষে আজিজুর রহমান দুলুসহ জেলা বারের বেশ কয়েকজন আইনজীবী শুনানিতে অংশ নেন।

আদালত প্রথম দফায় প্রায় সোয়া ১ ঘণ্টা উভয় পক্ষের যুক্তিতর্ক শোনেন। পরে মুলতবি দিয়ে দুপুর আড়াইটায় শুনানি শুরু হয়। উভয় পক্ষের শুনানি ও এজাহার পর্যালোচনা করে আদালত সুলতানা পারভীনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এর আগে ৩ আগস্ট সুলতানা পারভীন হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন। হাইকোর্ট তাকে জামিন না দিয়ে চার সপ্তাহের মধ্যে জেলা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

এরপর সুলতানা পারভীন ২১ আগস্ট কুড়িগ্রাম জেলা জজ আদালতে জামিন আবেদন করেন। তবে আইন অনুযায়ী তিনি সশরীরে আদালতে উপস্থিত হননি। এ নিয়ে আপত্তি জানিয়ে আরিফের আইনজীবী আজিজুর রহমান দুলু আদালতে একটি পিটিশন দাখিল করেন। মঙ্গলবার আদালত সবকটি আবেদন শুনানি শেষে সুলতানা পারভীনের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে কুড়িগ্রাম শহরের একটি সরকারি পুকুর সংস্কার করে ডিসির নামে নামকরণ নিয়ে সংবাদ প্রকাশের জেরে ২০২০ সালের ১৩ মার্চ দিবাগত মধ্যরাতে আরিফকে তার বসতবাড়ি ও বসতঘরের গেইট ভেঙ্গে তুলে নিয়ে যায় জেলা প্রশাসনের তিন ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাকে ক্রসফায়ারে দেওয়ার উদ্দেশে জেলা শহরের পূর্বে ধরলা নদীর তীরে নেওয়া হয়।

পরে সেখান থেকে ফিরিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে বিবস্ত্র করে পেটানো হয়। এরপর মাদক রাখার অভিযোগ দেখিয়ে মধ্যরাতেই ভ্রাম্যমাণ আদালতের নামে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

এ নিয়ে সারাদেশে প্রতিক্রিয়া ও প্রতিবাদ শুরু হলে একদিন পর সাংবাদিক আরিফকে জামিন দেয় আদালত।

জামিনে মুক্তি পেয়ে কুড়িগ্রাম সদর থানায় সুলতানা পারভীন ও তিন ম্যাজিস্ট্রেটসহ অজ্ঞাত ৩০/৩৫ জনকে আসামি করে এজাহার দায়ের করেন। পরে হাইকোর্টের নির্দেশে ২০২০ সালের ৩১ মার্চ এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করে সদর থানা পুলিশ।

সাংবাদিক আরিফ বলেন, সংবাদ প্রকাশের জেরে আমাকে বিনা অপরাধে মধ্যরাতে স্ত্রী-সন্তানদের সামন থেকে তুলে নিয়ে নির্যাতন করা হয়। এরপর মিথ্যা অভিযোগে কারাগারে পাঠানো হয়। ন্যায় বিচার পাবার আশায় দীর্ঘ পাঁচ বছর ধরে প্রতীক্ষা করছি। আজ প্রাথমিকভাবে আদালতের কাছে ন্যায় বিচার পেয়েছি। প্রমাণ হয়েছে আইনের ঊর্ধ্বে কেউ নয়। আমি মনে করি এটি দেশের সাংবাদিক সমাজ, আমার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের জন্য স্বস্তির খবর।

আরিফের আইনজীবী আজিজুর রহমান দুলু বলেন, হাইকোর্টের নির্দেশে আনিত সাংবাদিক আরিফের করা মামলায় সাবেক ডিসি সুলতানা পারভীনের জামিন নামঞ্জুরের আদেশে বাদী পক্ষের আইনজীবী হিসেবে আমরা সন্তুষ্ট। আদেশটি বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি মাইলফলক।

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান