শুধু বিরোধিতার জন্য আমরা বিরোধীদল নয়। বরং বিরোধিতা তখন যখন স্বার্থবিরোধী, দেশবিরোধী কার্যকলাপ হবে আমরা তখন জনগণের স্বার্থে, দেশের স্বার্থে সরকারের বিরুদ্ধে কথা বলব বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার।
নীলফামারীর সৈয়দপুরে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিলের অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শুক্রবার সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে সৈয়দপুর উপজেলা ও শহর জামায়াতের যৌথ উদ্যােগে এ ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম সভাপতিত্ব করেন।
মাওলানা আব্দুস সাত্তার বলেন, বিরোধীদল হলো ব্রেকের মতো। ব্রেক যেমন গাড়িকে নিয়ন্ত্রণ করে ঠিক তেমনি সরকার যদি কোনো স্বার্থবিরোধী কাজ করে আমরা সঙ্গে সঙ্গে তাদের ব্রেক ধরে ফেলব। এতে দেশ ও জনগণের বিরুদ্ধে সরকার কোনো কর্মকাণ্ড করার সাহস পাবে না।
তিনি আরও বলেন, নির্বাচনের দিন পর্যন্ত আমরা একটা দলের মনোনীত প্রার্থী ছিলাম। নির্বাচিত হওয়ার পর আমরা এখন সকল জনগণের। আমরা সুশাসন কায়েম করতে চাই। আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো ট্রলারেন্স থাকব। যেখানে যেখানে দুর্নীতি রয়েছে তা শক্তভাবে প্রতিহত করব।