পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি থাকবে না। যোগ্যতা অনুযায়ী দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সরকারি সহায়তা পাবে।
মঙ্গলবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের বৈরাতী উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, পাইলট প্রকল্প হিসেবে পঞ্চগড়ের পাঁচপীর এলাকায় দুই হাজার কৃষককে কৃষি কার্ড দেওয়া হয়েছে। এছাড়া সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর ব্লকের আরও ১ হাজার ৫৯২ জন কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়েছে।
তিনি বলেন, কৃষি কার্ড বিতরণে কোনো দলীয় প্রভাব খাটানো হয়নি। কৃষি মন্ত্রণালয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে তিন স্তরের যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য কৃষকদের তালিকা নির্ধারণ করা হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে এর উদ্বোধন হয়েছে এবং আগামী দুই-তিন মাসের মধ্যে আরও ৫০ লাখ ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।
তিনি বলেন, “দেশকে এগিয়ে নিতে শুধু প্রশাসন নয়, দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে সরকারকে সহযোগিতা করতে হবে।”
অনুষ্ঠানে জেলা প্রশাসক শুকরিয়া পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রতিমন্ত্রী ১৫ জন কৃষক-কৃষাণীর হাতে কৃষক কার্ড ও দুইটি করে ফলজ গাছের চারা বিতরণ করেন।
এদিকে কৃষক কার্ড পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয় কৃষকরা। তারা জানান, পূর্বে এ ধরনের সহায়তা অনেক সময় সঠিকভাবে পাওয়া যায়নি।
অন্যদিকে পঞ্চগড় সদর উপজেলার ব্যারিস্টার কলেজিয়েট ইনস্টিটিউট মাঠে কমলাপুর ব্লকের ১ হাজার ৫৯২ জন কৃষকের মাঝে পৃথক আরেকটি অনুষ্ঠানে কৃষক কার্ড বিতরণ করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির।
অনুষ্ঠানগুলোতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, কৃষক-কৃষাণী এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।