ঢাকাগামী বাসের টিকিট কালোবাজারির মাধ্যমে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তিন ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। শুক্রবার রাতে নগরীর মর্ডান মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদের নির্দেশনায় জনসাধারণের ভোগান্তি নিরসন এবং বাসের টিকিট কালোবাজারি প্রতিরোধে তাজহাট থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মর্ডান মোড় এলাকায় ঢাকাগামী বাসের টিকিট অতিরিক্ত মূল্যে বিক্রির মাধ্যমে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— গঙ্গাচড়া উপজেলার তালুক হাবু এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ কবির মিয়া (৪৩), নগরীর তাজহাট চেয়ারম্যানপাড়া এলাকার সেকেন্দার আলীর ছেলে মো. এনামুল (৩২) এবং তাতীপাড়া এলাকার মৃত মঞ্জুর হোসেনের ছেলে টিটুল (৫০)।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন বাসের টিকিট সংগ্রহ করে সেগুলো অতিরিক্ত মূল্যে বিক্রি করার মাধ্যমে সাধারণ যাত্রীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করে আসছিল বলে স্বীকার করেছেন।
ঈদযাত্রাকে কেন্দ্র করে যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে বাধ্য করা এবং টিকিট সংকট সৃষ্টি করে মুনাফা অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ বলেন, “সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করে এমন কোনো অপরাধ বরদাশত করা হবে না। জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড, বিশেষ করে টিকিট কালোবাজারি ও অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
পুলিশ জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে যাত্রীসেবার নামে কোনো ধরনের অনিয়ম, প্রতারণা বা কালোবাজারির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।