রংপুরের পীরগঞ্জে ৯২ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক দুজনের মধ্যে মিজানুর রহমান মিজান (৩৫) নামে একজন রামনাথপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় তার সহযোগী মশিউর রহমানকেও (২০) আটক করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাদারহাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদারহাট এলাকায় সন্দেহজনক অবস্থায় মিজানুর রহমান মিজান ও মশিউর রহমানকে আটক করেন এলাকাবাসী। এ সময় তাদের কাছ থেকে ৯২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পীরগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।
আটক মিজানুর রহমান মিজান মাদারহাট গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মিজানুর রহমান। অপর আটক ব্যক্তি মশিউর রহমান একই গ্রামের বাসিন্দা। তার পিতার নাম রফিকুল ইসলাম।
স্থানীয়দের দাবি, মিজানুর রহমান মিজান রামনাথপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক।
এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান আনিস বলেন, ‘সে যদি আমাদের দলের সঙ্গে যুক্ত থাকে এবং এ ধরনের কোনো অপকর্মের সঙ্গে জড়িত থাকে, তাহলে দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
পীরগঞ্জ থানার ওসি নজমূল হক বলেন, ‘স্থানীয় সূত্রে খবর পেয়ে আমরা সেখানে পুলিশ পাঠাই। পরে সেখান থেকে ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আসামিদের আদালতে পাঠানো হবে।’
এমএইচ