হোম > সারা দেশ > রংপুর

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

নিহত মো. আলী হোসেন । ছবি: আমার দেশ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে আবারও গুলির ঘটনা ঘটেছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মো. আলী হোসেন (৪৯) নামের এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় সীমান্ত এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, ৮ এপ্রিল ২০২৬ ভোর রাতে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীনস্থ ধবলগুড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায়, সীমান্ত পিলার ৮৭৪/৫-এস সংলগ্ন শূন্য লাইন থেকে আনুমানিক ৫০০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থিত বিএসএফের ১৫৬ ব্যাটালিয়নের সাতগ্রাম ক্যাম্প এলাকায় গুলির ঘটনা ঘটে। প্রথমে রাত ২টা ৫০ মিনিটে এবং পরে ভোর ৪টা ৫০ মিনিটে গুলির শব্দ শোনা যায়।

পরে সকাল ৬টা ৩৫ মিনিটে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে মোবাইল ফোনে যোগাযোগ হয়। বিএসএফের পক্ষ থেকে জানানো হয়, ৭-৮ জন বাংলাদেশি নাগরিক ভারতীয় সীমান্তে প্রবেশ করে তারকাঁটা বেড়া কাটার চেষ্টা করলে তাদের বাধা দিতে সতর্কতামূলক গুলি ছোড়া হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে বলে দাবি করা হয়।

এ সময় ধবলগুড়ি ইউনিয়নের পূর্ব পানিয়ারটারী গ্রামের বাসিন্দা মো. আলী হোসেন গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে ভারতের অভ্যন্তরে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি মৃত আব্দুল গফুরের পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আলী হোসেন পেশায় একজন কৃষক এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্ত্রী-সন্তানদের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এই ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয়রা নিরস্ত্র বাংলাদেশিদের ওপর গুলি চালানোর প্রতিবাদ জানিয়ে দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে সীমান্তে এমন ঘটনা বন্ধে কার্যকর কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

এদিকে বিজিবি ঘটনার বিস্তারিত তথ্য যাচাই করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে স্পট মিটিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

মানবাধিকার সংগঠনগুলোর মতে, নিরস্ত্র নাগরিকদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী। তারা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত এলাকা দীর্ঘদিন ধরেই চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত বিরোধকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ। প্রায়ই গুলির ঘটনা ও প্রাণহানির মতো মর্মান্তিক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, যা সীমান্তবাসীর জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ভারতে রয়েছে, পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত আমার চেষ্টা চলছে বলে জানান তিনি।

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ