বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বলেছেন, রাজনৈতিক সরকার ছাড়া দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল করা সম্ভব নয়। তাই যত দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে। একই সঙ্গে জাতীয় সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত।
মঙ্গলবার দুপুরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মাসুদ তালুকদার বলেন, যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছেন, তারা না বুঝেই বলছেন। দেশকে সঠিক পথে পরিচালনা করতে হলে এ ধরনের হঠকারী সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে।
বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি দেশের বৃহত্তম রাজনৈতিক দল। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ অবশ্যই বিএনপির প্রতি আস্থা রাখবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে যেকোনো সমস্যা মোকাবিলা করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবো।
এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর বিমানবন্দরে রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, রয়েল ইফা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ আলিম মিন্টু, অ্যাডভোকেট হারুন অর রশিদ ও অ্যাডভোকেট আবুল কালাম খান।
পরে অতিথিরা সৈয়দপুর শহরের বিসিক শিল্পনগরী সংলগ্ন শেখ সাদ কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে তাদের লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। পরিদর্শন শেষে বিএনপি নেতারা দিনাজপুরের উদ্দেশ্যে সড়কপথে রওনা দেন।