হোম > সারা দেশ > রংপুর

বদরগঞ্জে মাদক ও জুয়া বন্ধের দাবিতে র‍্যালি ও পথসভা

উপজেলা প্রতিনিধি, বদরগঞ্জ (রংপুর)

রংপুরের বদরগঞ্জে মাদক ও জুয়ার ভয়াল আগ্রাসন থেকে উপজেলাকে রক্ষার দাবিতে র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ‘এক কাতারে দাঁড়িয়ে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াই’ স্লোগানে শুক্রবার বিকেল ৫টায় স্থানীয় লালদীঘি বাজারে এ কর্মসূচির আয়োজন করেন বদরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম রসুল বকুল।

লালদীঘি বাজারের চারমাথা মোড় থেকে র‍্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত পথসভায় বক্তারা মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

এ সময় ‘মাদক ধ্বংসের পথ’, ‘মাদকমুক্ত বদরগঞ্জ চাই’ এবং ‘মাদক ছেড়ে আলোকিত জীবনের পথ গড়ি’—এমন স্লোগানসংবলিত ফেস্টুন ও ব্যানার হাতে নিয়ে অংশগ্রহণকারীরা র‍্যালিতে অংশ নেন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপি নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, আইনজীবী, চিকিৎসক, ব্যবসায়ী, হাট কমিটির সদস্যসহ সমাজের সচেতন ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁদের দাবি, লালদীঘি বাজার পুরো উপজেলার মাদকের প্রবেশদ্বার। তাই এই বাজার থেকেই মাদক নির্মূলের সামাজিক আন্দোলন শুরু করা হয়েছে।

উপস্থিত সচেতন ব্যক্তিরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মাদকের বিস্তার যেভাবে বাড়ছে, তাতে আগামী প্রজন্মের যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে। শুধু একটি ইউনিয়নে নয়, প্রতিটি ইউনিয়নে এ ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন। অন্যথায় যুবসমাজকে মাদক ও জুয়ার ভয়াল থাবা থেকে রক্ষা করা কঠিন হয়ে পড়বে। এ জন্য সামাজিক সচেতনতার পাশাপাশি প্রশাসনকেও এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে আয়নাল হক বলেন, মাদক ও জুয়ার বিস্তার অব্যাহত থাকলে আগামীতে ভালো মানুষ তৈরি এবং পড়াশোনাসহ বিভিন্ন ক্ষেত্রে সমাজের অগ্রগতি কঠিন হয়ে পড়বে। তাই সামাজিক সচেতনতা তৈরির পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজন বাড়ানো জরুরি।

স্থানীয় ব্যবসায়ী আহসান হাবীব বলেন, আগে ছোট ছোট ছেলেদের কাজে ডাকলে পাওয়া যেত। এখন নেশায় জড়িয়ে পড়ার কারণে তাদের খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে। তাই দলমত-নির্বিশেষে মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে।

বদরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম রসুল বকুল বলেন, মাদক ও জুয়া যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। রাধানগর ইউনিয়নের কোনো তরুণ যেন মাদক ও জুয়ার সঙ্গে জড়িয়ে না পড়ে, সে জন্য সবাইকে সচেতন হতে হবে। মাদক ব্যবসায়ী ও জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দলমত-নির্বিশেষে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি প্রশাসনকে নিরপেক্ষভাবে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এ উদ্যোগ কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, দল কাউকে বালু বিক্রির লাইসেন্স দেয়নি। দলের নাম ভাঙিয়ে বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু বিক্রি করা হচ্ছে। এ অবৈধ বালু ব্যবসা রোধে সবাইকে এগিয়ে আসতে হবে। অন্যথায় কারও জমি টিকবে না। এ জন্য স্থানীয় সচেতনতার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সৈয়দপুরে মুক্ত আকাশে ডানা মেলল ২২ পাখি

কাউনিয়ার রতন হত্যা: দুই জেলা থেকে ৩ আসামি গ্রেপ্তার

দিনাজপুরের ইজতেমায় গোর-এ-শহীদ ময়দানে জুমার নামাজ আদায়

পীরগঞ্জে মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে আগুন

তিস্তার চরে ভুট্টার বীজ বুনে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন নারীদের

ফুলবাড়ীতে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন

এখন আর দিনের ভোট রাতে হয় না: ত্রাণমন্ত্রী

ফুলবাড়ীতে সুস্বাদু আনারকলি চাষে সফলতা

ঝুঁকিতে ৩৫ কোটি টাকার সেচ প্রকল্প ও গুচ্ছগ্রাম

বেরোবিতে কর্মকর্তাকে মারধরের অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি