ভোট এলেই নারী ভোটারদের নিয়ে নানা সমীকরণ আর হিসাব-নিকাশ হয় হবিগঞ্জ জেলায়। এ জেলার মোট ভোটারসংখ্যার প্রায় ৪৯ শতাংশ নারী হলেও বরাবরই পিছিয়ে সুযোগ সুবিদা থেকে। সেই সঙ্গে হবিগঞ্জ জেলা গড়ে ওঠা বড় বড় শিল্পপ্রতিষ্ঠানের অর্থনীতিতে নারীরা ওতপ্রোতও ভাবে জড়িত থাকলেও তাদের ভাগ্যে মেলে না স্বীকৃতি।
পাহাড় টিলা হাওর বন বৈচিত্র্যের জেলা হবিগঞ্জ। জেলার ১৮ লক্ষাধিক ভোটারের প্রায় ৪৯ শতাংশই নারী ভোটার। তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ফ্যাক্টর হয়ে দাঁড়িছে নারী ভোটাররা।
অবহেলিত চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করবেন এমন জনপ্রতিনিধি নির্বাচিত হোক এমনটাই চান দেউন্দি চা বাগানের শ্রমিক বাসন্তি বাকতি।
একই চা বাগানের অন্যান্য নারী শ্রমিকরা জানান, তারা ভোট দিয়ে সরকার নির্বাচন করেন যাতে সরকার তাদের দিকে নজর দেয়। যারা নতুন সরকার গঠন করবে সরকার যেন তাদের সহায়তা করেন এ প্রত্যাশাই তাদের।
শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে অবস্থিত প্রাণআরএফএল ফ্যাক্টরীর কয়েকজন নারী শ্রমিকরা জানান, নারী বান্ধব এবং কর্মক্ষেত্রে পরিবেশ তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে এমন সরকার এবং এমন জনপ্রতিনিধি চান তারা।
নারী উদ্যোক্তা নাজমা আক্তার বলেন, উদ্যোক্তাবান্ধব কর্মসূচি যেন আসে। সেই সঙ্গে যে সরকারই আসুক নারী উদ্যোক্তারা যেন সুযোগ সুবিধা পান।
নারী উদ্যোক্তারা জানান, বাসায় বসে যারা কাজ করতে চায় বা আগাতে চায় তারা আরও সাপোর্ট পেলে ভালো হবে। নতুন সরকারের কাছে তাদের চাওয়া হবিগঞ্জে আরও বাড়ুক নারী উদ্যোক্তা।
অনার্স পড়ুয়া শিক্ষার্থী সানজিদা আক্তার বলেন, আমি ভোট দিতে খুবই আগ্রহী। যদিও কিছুটা দ্বিধা বা শঙ্কা কাজ করছে ভোট নিয়ে। আমার প্রত্যাশা ভোট নিরপেক্ষ হবে। একজন নারী হিসাবে নির্বাচন নিয়ে হাজারো প্রত্যাশা আছে। কিন্তু একটি প্রত্যাশার কথা বিশেষভাবে বলতে চাই। পাবলিক ট্রান্সপোর্টে নারীরা যে রোজ হয়রানির শিকার হয়, একজন নারী হিসাবে এটা আমাদের মানসিকভাবে প্রচণ্ড প্রভাব ফেলে। নতুন সরকারের কাছে আমাদের অগ্রিম দাবি রইল-এ অবস্থার আমরা নারীরা পরিত্রাণ চাই।
আর সামাজিক নিরাপত্তার পাশাপাশি কর্মসংস্থানমূলক নতুন প্রতিষ্ঠান আর উদ্যোক্তা বান্ধব পরিবেশ সৃষ্টিতে ভূমিকা নেবে নতুন সরকার এমন প্রত্যাশা অনেক নারী ভোটারের।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্কুল শিক্ষিকা বলেন, নির্বাচন নিয়ে উত্তেজনা আছে। একজন নারী হিসাবে আমারও অনেক প্রত্যাশা আছে। প্রশ্ন হচ্ছে নির্বাচনের মাধ্যমে নারীর ভবিষ্যৎ আসলে কতটা মসৃণ বা চ্যালেঞ্জিং হবে এটাই এখন দেখার বিষয়। তবে নারী হিসাবে আমি অবশ্যই একটি নারীবান্ধব সমাজ ও রাষ্ট্রের প্রত্যাশা করি।
হবিগঞ্জের চারটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১৮ লক্ষ ১৮ হাজার ৬১৭ জন। তন্মধ্যে নারী ভোটার ৯ লক্ষ ২ হাজার ৮৫৩জন এবং পুরুষ ভোটার সংখ্যা ৯ লক্ষ ১৫ হাজার ৭৪০ জন। এই জেলায় হিজড়া ভোটার সংখ্যা ২৪ জন।