জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায়ের নিয়মিত পরিসংখ্যান প্রকাশ না করা, ভ্যাট আদায়ে নেতিবাচক প্রবৃদ্ধি, ভ্যাট ফেরত বন্ধ এবং এনবিআরের বার্ষিক প্রতিবেদন হালনাগাদ না থাকার বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখে পড়েছেন অর্থ উপদেষ্টা। একের পর এক প্রশ্নের মুখে আগামী ডিসেম্বর থেকে নিয়মিতভাবে রাজস্বের পরিসংখ্যান প্রকাশের আশ্বাস দিয়েছেন তিনি।
একই সঙ্গে তিনি জানান, ‘আইবাস++’ (iBAS++) থেকে তাৎক্ষণিক তথ্য পাওয়া গেলেও কিছুটা সময়ের ব্যবধান বা ‘ল্যাগ ইফেক্ট’ থেকে যায়। এ কারণে তথ্য সরবরাহের ব্যবস্থা নিয়মিত করতে সরকার কাজ করছে।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে রাজস্ব আদায় পরিস্থিতি পর্যালোচনায় এনবিআরের আয়কর, কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের টাস্কফোর্সের সঙ্গে বৈঠক করেন অর্থ উপদেষ্টা। বৈঠক শেষে সাংবাদিকদের রাজস্ব আদায় ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ব্রিফিংকালে এসব কথা জানান তিনি। ব্রিফিংয়ে এনবিআর চেয়ারম্যান আহসান হাবীব উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা দাবি করেন, রাজস্ব আদায়ের তথ্য গোপন করা হচ্ছে না; ভ্যাট, আয়কর ও শুল্ক—প্রতিটি খাতের পরিসংখ্যানই প্রকাশ করা হচ্ছে। তবে তথ্য নিয়মিত সরবরাহের ক্ষেত্রে কিছু ঘাটতি রয়েছে, যা আগামী ডিসেম্বর থেকে স্বাভাবিক হয়ে আসবে।
ব্রিফিংয়ে সাংবাদিকরা উল্লেখ করেন, আগে প্রতি মাসের ২০ তারিখের মধ্যে এনবিআরের রাজস্ব আদায়ের তথ্য পাওয়া যেত, কিন্তু গত কয়েক মাস ধরে তা মিলছে না। এমনকি এনবিআরের পরিসংখ্যান বিভাগের বার্ষিক প্রতিবেদনও হালনাগাদ নেই; সর্বশেষ ২০২২-২৩ অর্থবছরের প্রতিবেদন পাওয়া যাচ্ছে। এ ছাড়া চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে ভ্যাট আদায়ে নেতিবাচক প্রবৃদ্ধির বিষয়টি তুলে ধরে সাংবাদিকরা গত অক্টোবরের পরিসংখ্যান জানতে চাইলে উপদেষ্টা কোনো নির্দিষ্ট তথ্য দিতে পারেননি।
প্রায় ১৮ হাজার কোটি টাকার ভ্যাট ফেরত আটকে থাকা এবং অনলাইনে আবেদন করতে না পেরে ব্যবসায়ীদের ভোগান্তির বিষয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ভ্যাট ব্যবস্থার ডিজিটালাইজেশন ও করদাতাদের হয়রানি বন্ধে সংস্কার কাজ চলছে। পাশাপাশি ঝুঁকিভিত্তিক অডিট ব্যবস্থা কার্যকর করা এবং বড় ও ক্ষুদ্র করদাতাদের মতামত নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
অর্থনীতি পুনরুদ্ধারের বিষয়ে উপদেষ্টা বলেন, উত্তরাধিকার সূত্রে বর্তমান সরকার একটি বিপর্যস্ত অর্থনীতি পেয়েছে। ব্যাংক খাতের লুটপাটের ক্ষতি কাটিয়ে উঠতে প্রায় ৪০ বিলিয়ন ডলারের প্রয়োজন হতে পারে। তবে গত এপ্রিল থেকে জুন সময়ে রাজস্ব আদায়ে ১৩.৮৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও জানান, বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা প্যাকেজের এক-পঞ্চমাংশ ইতোমধ্যে বিতরণ করা হয়েছে। দরিদ্র মানুষের ভোগব্যয় বাড়াতে ফ্যামিলি কার্ড প্রদান, বিনিয়োগ আকর্ষণ, সরকারি উন্নয়ন ব্যয় বৃদ্ধি এবং রপ্তানি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রাম অঞ্চলের চীনা বিনিয়োগ এবং জাপানি বিনিয়োগকারীদের আগ্রহের কথা উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, এসব পদক্ষেপের ফলে ৬.৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।
রাজস্ব সংস্কারের অংশ হিসেবে এনবিআরের অডিটে ঝুঁকিভিত্তিক প্রতিষ্ঠান নির্বাচন, প্রায় ২৯ হাজার অনিষ্পন্ন রাজস্ব মামলা দ্রুত নিষ্পত্তি এবং কর কর্মকর্তাদের সক্ষমতা বাড়ানোর কথা জানান উপদেষ্টা। তিনি উল্লেখ করেন, অতীতে খেলাপি ঋণ ১১ শতাংশ দেখানো হলেও ফরেনসিক অডিটে তা ৩৫.৭২ শতাংশ ধরা পড়েছে। একইভাবে জিডিপির পরিসংখ্যানও বিশেষজ্ঞদের মাধ্যমে পর্যালোচনা করা হচ্ছে, যার প্রতিবেদন আগামী ১৪ তারিখে প্রকাশ করা হবে। এছাড়া জ্বালানি তেলের ওপর নতুন আবগারি শুল্ক আরোপের বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে আলোচনা এখনো কারিগরি পর্যায়ে রয়েছে বলে তিনি জানান।