দীর্ঘদিনের খরা কাটিয়ে অবশেষে আগামী ডিসেম্বর মাসে পুঁজিবাজারে আসছে নতুন কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও)। ইতোমধ্যে কয়েকটি কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্তিতে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আবেদন জমা দিয়েছে। আবেদনগুলো বর্তমানে ডিএসইর পর্যালোচনাধীন রয়েছে। পর্যালোচনা শেষে ডিএসইর সুপারিশের ভিত্তিতে আইপিও অনুমোদন প্রদান করবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সব প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ডিসেম্বরের মধ্যে বাজারে আসছে নতুন আইপিও। আর এর মাধ্যমে ঘটতে যাচ্ছে আইপিওতে দীর্ঘ ৩৩ মাসের অপেক্ষার অবসান।
বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান আমার দেশকে বলেন, শেয়ারবাজারে নতুন কোম্পানির তালিকাভুক্তির বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আইপিওর যেসব আবেদন রয়েছে আগামী এক বা দুই সপ্তাহের মধ্যে স্টক এক্সচেঞ্জের সুপারিশ পেয়ে যাব। আর সুপারিশ পাওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে আইপিও অনুমোদন দেওয়া হবে। আমরা আশা করছি আগামী ডিসেম্বর মাসেই বাজারে নতুন আইপিও অনুমোদন দেওয়া সম্ভব হবে।
বিএসইসির চেয়ারম্যান আরো বলেন, আমরা সরাসরি তালিকাভুক্তির বিধিমালা করেছি। এই বিধিমালার আওতায় আগামী জানুয়ারি মাসে সরকারি কিছু কোম্পানি শেয়ারবাজারে সরাসরি তালিকাভুক্ত হবে। তবে তিনি কোম্পানির নাম প্রকাশে অপারগতা প্রকাশ করেন।
এদিকে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার আমার দেশকে বলেন, আমাদের কাছে চারটি কোম্পানির আইপিও আবেদন রয়েছে। আমরা সেগুলো পর্যালোচনা করছি। পর্যালোচনা শেষে নভেম্বরের শেষদিকে সেগুলো আমরা বিএসইসিতে পাঠাতে সক্ষম হবো। তিনি আরো বলেন, যেসব কোম্পানি আবেদন করেছে তাদের মধ্যে আমাদের পর্যালোচনায় যথার্থ বিবেচিত হবে সেগুলোর আইপিও অনুমোদনে আমরা বিএসইসিতে সুপারিশ আকারে পাঠাব।
নুজহাত আনোয়ার জানান, ডিএসইর কাছে চারটি কোম্পানির আইপিও আবেদন জমা পড়েছে। এগুলো হলো—স্ক্যানডেক্স, অ্যালায়েন্স ফাইন্যান্স, পার্কওয়ে প্যাকেজিং ও কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি।
কিন্তু ডিএসইর ওয়েবসাইটে আইপিওর পাইপলাইনে উপরোক্ত চারটি কোম্পানি ছাড়া আরো তিনটি কোম্পানির নাম রয়েছে। এর মধ্যে ইতোমধ্যে তালিকাভুক্ত হওয়া বেস্ট হোল্ডিংয়ের নামও রয়েছে এ তালিকায়।
এদিকে বিদ্যমান আইপিও বিধিমালার আওতায় কোম্পানিগুলো আবেদন করলেও সেগুলোর অনুমোদন দেওয়া হবে নতুন বিধিমালা অনুযায়ী। যদিও এখন পর্যন্ত নতুন বিধিমালা কার্যকর হয়নি। বিধিমালার সংশোধিত খসড়া ২ নভেম্বর জনমত যাচাইয়ে উন্মুক্ত করা হয়েছে। অংশীজনের কাছ থেকে বিধিমালার বিষয়ে মতামত নেওয়ার দুই সপ্তাহ সময় ইতোমধ্যে শেষ হয়েছে এবং আগামী দুই-এক সপ্তাহের মধ্যে এটি গেজেট আকারে প্রকাশ করা হবে।
এ বিষয়ে বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান বলেন, শিগগিরই আইপিও বিধিমালা চূড়ান্ত করে সেটি গেজেট আকারে প্রকাশ করা হবে এবং আইপিও আবেদনগুলো নতুন বিধিমালা অনুযায়ী দেওয়া হবে। নতুন বিধিমালাটি গেজেট আকারে প্রকাশিত হলে তখন বিদ্যমান বিধিমালাটি আর কার্যকর থাকবে না বলে জানান তিনি।
নতুন আইপিওর বিষয়ে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) প্রেসিডেন্ট সাইফুল ইসলাম আমার দেশকে বলেন, পুঁজিবাজারের কাজ হচ্ছে পুঁজিরা জোগান দেওয়া। কিন্তু কয়েক বছর ধরে সেটি বন্ধ রয়েছে। নতুন কোম্পানি তালিকাভুক্তির মাধ্যমে সেটি আবার শুরু হবে। এতে বাজারে নতুন করে উদ্দীপনা তৈরি হবে এবং আগামীতে আরো নতুন কোম্পানি তালিকাভুক্তিতে আগ্রহী হবে। আগামী বছরে অনেক কোম্পানির আইপিও আসবে এমনটি জানিয়ে আগামী বছরের শেষে ডিএসইর দৈনিক লেনদেন ৩,০০০ কোটি টাকায় উন্নীত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শেয়ারবাজারে আইপিও খরা দীর্ঘায়িত হওয়ার পেছনে বিধিমালার পরিবর্তন ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তাও ভূমিকা রেখেছে। সর্বশেষ ২০২৪ সালের ৭ মার্চ টেকনো ড্রাগসের আইপিও অনুমোদন দিয়েছিল বিএসইসি। কোম্পানিটি আইপিওর মাধ্যমে ১০০ কোটি টাকা সংগ্রহ করে। এরপর দীর্ঘ সময় নতুন কোনো কোম্পানি আইপিও আবেদন করেনি।
রাশেদ মাকসুদ কমিশনের ভূমিকা
খন্দকার রাশেদ মাকসুদ বিএসইসির চেয়ারম্যান থাকাকালে নতুন আইপিও বিধিমালা প্রণয়ন করা হয়। ২০২৫ সালের ওই বিধিমালায় আইপিওর মূল্য নির্ধারণ, যোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ এবং স্টক এক্সচেঞ্জের সুপারিশের বিষয়গুলোতে পরিবর্তন আনা হয়।
এছাড়া যোগ্য বিনিয়োগকারীদের বরাদ্দ করা শেয়ারে ৯০, ১২০ ও ১৮০ দিনের বিভিন্ন মেয়াদে লক-ইনের বিধানও নতুন নিয়মে যুক্ত করা হয়। এসব শর্ত আইপিও প্রক্রিয়াকে আরো কঠিন করে তুলতে পারে বলে সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ ছিল।
রাশেদ মাকসুদ কমিশনের সময়ে প্রক্রিয়াধীন ছয়টি আইপিও আবেদনের মধ্যে পাঁচটি বাতিল এবং একটি প্রত্যাহার করা হয়। ওই সময় কমিশনের বক্তব্য ছিল, রাজনৈতিক পটপরিবর্তনের পর মার্চেন্ট ব্যাংকগুলো নতুন আইপিও প্রস্তাব জমা দেয়নি। ফলে ওই সময়ে আইপিও অনুমোদন দেওয়া হয়নি।
বিএসইসির তথ্যানুযায়ী, বাজারসংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিন ধরে নতুন কোম্পানি তালিকাভুক্ত না হওয়ায় পুঁজিবাজারে বিনিয়োগের বিকল্প সীমিত হয়ে পড়েছে। বিশেষ করে ভালো মৌলভিত্তির কোম্পানির অভাব বাজারের গভীরতা বাড়ানোর ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। নতুন আইপিও এবং সরাসরি তালিকাভুক্তির উদ্যোগ বাস্তবায়িত হলে এ পরিস্থিতির পরিবর্তন হতে পারে।