বড় ঋণখেলাপিদের আবারও বিশেষ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এবার এক হাজার কোটি টাকা বা তার বেশি ঋণস্থিতি থাকা প্রতিষ্ঠান বা গ্রুপকে মাত্র ২ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে খেলাপি ঋণ নিয়মিত করার সুযোগ দেওয়া হয়েছে। এসব ঋণ পুনঃতফসিলের নতুন মেয়াদ হবে সর্বোচ্চ ১৫ বছর, যা আগে ছিল সর্বোচ্চ ১০ বছর। ঋণ নিয়মিত করার পর শুরুতে দুই বছর কিস্তি পরিশোধে বিরতি বা গ্রেস পিরিয়ডের সুবিধাও পাওয়া যাবে। একই সঙ্গে বিশেষ নীতি সহায়তার আবেদনের সময়সীমাও বাড়ানো হয়েছে।
সোমবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ-সংক্রান্ত সার্কুলার জারি করেছে।
সার্কুলারে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা ও আর্থিক ব্যবস্থা পুনর্গঠনের জন্য বিশেষ নীতি সহায়তা পেতে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংকে আবেদন করা যাবে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যেসব ঋণ খেলাপি হবে, কেবল সেগুলোই এ সুবিধার আওতায় আসবে। আবেদনগুলো সংশ্লিষ্ট ব্যাংক নিষ্পত্তি করবে। তবে ব্যাংকগুলোকে আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে সব আবেদন নিষ্পত্তি করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, বিশেষ পুনর্গঠনের ক্ষেত্রে বিদ্যমান নির্ধারিত মেয়াদের অতিরিক্ত সর্বোচ্চ চার বছর সময় বাড়ানো যাবে। তবে কোনো প্রতিষ্ঠান বা গ্রুপের আবেদন করা ঋণের স্থিতি এক হাজার কোটি টাকার কম হলে বিশেষ পুনঃতফসিল ও পুনর্গঠনের ক্ষেত্রে আগের নির্দেশনায় নির্ধারিত মেয়াদই প্রযোজ্য হবে।
এ ছাড়া আগে বিশেষ নীতি সহায়তা পাওয়া ঋণগ্রহীতারাও নতুন সুবিধার আওতায় আসবেন। এ ক্ষেত্রে ইতোমধ্যে গ্রেস পিরিয়ড হিসেবে যে সময় পার হয়েছে, তা নতুন গ্রেস পিরিয়ডের অংশ হিসেবে গণনা করা হবে। প্রয়োজনে অতিরিক্ত মেয়াদ বাড়ানোর সুযোগও থাকবে।
ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের জন্য বিশেষ ঋণ পুনঃতফসিল ও পুনর্গঠন সুবিধার সময়সীমা এর আগে দুই দফায় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রথমে ফেব্রুয়ারি ২০২৬-এ সময় বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত করা হয়। পরে গত ৭ মে আবার সময় বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত আবেদন করার সুযোগ দেওয়া হয়।
এবার নীতি সহায়তার মেয়াদ বাড়ানো এবং বড় ঋণখেলাপিদের নতুন সুবিধা দেওয়ার কারণ ব্যাখ্যা করে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও জ্বালানি সংকটের কারণে দেশের রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলো সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে ঋণগ্রহীতাদের ঋণ পরিশোধ সক্ষমতার ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।
একই সঙ্গে বাজারভিত্তিক সুদহার চালুর ফলে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সুদ ব্যয় বেড়েছে। এ ছাড়া খেলাপি ঋণ কমিয়ে আনতে ১৮ মাসের একটি রোডম্যাপ গ্রহণ করা হয়েছে। এর প্রথম ছয় মাস, অর্থাৎ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ঋণ পরিশোধের ক্ষেত্রে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় ঋণগ্রহীতাদের নীতিগত সহায়তা দিতে নতুন এই নির্দেশনা জারি করা হয়েছে।